লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোতে ভর করে জয়ের ধারায় ফিরেছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় মঙ্গলবার পিছিয়ে থেকেও ২-১ গোলে কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নেয় কোচ আলেহান্দ্রো সাবেলার দল।
ক্যারিবিয়ান বন্দরনগরী ব্যারেনকুইলাতে তীব্র গরম ও আর্দ্রতায় কঠিন পরিস্থিতে প্রথমার্ধে নিজেদের মানিয়ে নিতে কষ্ট হচ্ছিলো মেসি বাহিনীর। গুছিয়ে আক্রমণও তৈরি করতে পারেনি তারা। উল্টো কলম্বিয়ার কাউন্টার অ্যাটাক সামলাতেই ব্যতিব্যস্ত থাকতে হয় সাবেলা শিষ্যদের।
আর্জেন্টিনার মিডফিল্ডার জ্যাভিয়ের মাসচেরানো নিজেদের জালে বল পাঠালে প্রথমার্ধে এগিয়েও যায় স্বাগতিকরা। পেনাল্টি সীমার বাইরে কলম্বিয়া ফরোয়ার্ড জেমস রড্রিগেজকে ট্যাকল করা হলে ফ্রি কিকের নির্দেশ দেন রেফারি। ডারলন পাবনের নেওয়া শট মাসচেরানোর পায়ে লেগে গতি পরিবর্তন হয়ে বল আর্জেন্টিনার জালে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধে সার্জিও আগুয়েরোকে মাঠে পাঠান সাবেলা। ম্যাচের দৃশ্যপটেও পরিবর্তন আসে। গঞ্জালো হিগুয়েন ও মেসিকে নিয়ে মাঠে আর্জেন্টিনার নিয়ন্ত্রণ কায়েম করেন আগুয়েরো। সুফল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি। ৬১ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান মেসি। সতীর্থ হোসে সাসার শট কলম্বিয়া গোলরক্ষক ফিরিয়ে দিলেও বল গ্লাভসে রাখতে পারেননি। ফিরতি বলে বল জায়গামতো পাঠিয়ে দেন সুযোগের অপেক্ষায় থাকা আর্জেন্টিনা অধিনায়ক। পরের গোলটিও প্রায় একই ধরণের। ৮৫ মিনিটে হিগুয়েনের শট পোস্টে ঢোকার আগ মুহূর্তে আটকে দেন গোলরক্ষক ওসপিনা। কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেননি। কাছেই দাঁড়ানো আগুয়েরেরো সুযোগ নষ্ট করেনি, সোজা কলম্বিয়ার জালে পাঠিয়ে দেন।
এ জয়ে চার ম্যাচে আর্জেন্টিনার সংগ্রহ সাত পয়েন্ট। আলবিসেলিস্তেদের চেয়ে এক ম্যাচ কম খেলে কলম্বিয়ার সংগ্রহ চার পয়েন্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

