সামনে এগিয়ে চলছেন ইদ্রিস সাহেব। ধীর মস্থর গতিতে। মোটা মোটা বিশ্রী হাত দুটো কাঁচা-পাকা লোমে ভর্তি। আলতোভাবে ধরে আছেন স্টিয়ারিং হুইলটা। স্পিডোমিটারের কাঁটাটা পাঁচ ও দশের মধ্যে ওঠা নামা করছে। গোদা পায়ের জুতোটা কেবল স্পর্শ করে আছে গাড়ির অ্যক্সিলেটারটা। আজ বিকেলেই গাড়িটা ডেলিভারি নিয়ে তা অফিসের বারান্দায় তুলেছিলেন। স্টাফরা কিছু ফিসফাস করেছিল। কিন্তু কে বলতে যাবে হক কথা! চাপরাশী তাড়াতাড়ি একটা ফাইল র্বোডের ফিতা ছিড়ে একটা কাগজে অন টেস্ট লিখে গাড়ির বাম্পারে ঝুলিয়ে দিয়েছে। তারপর গাড়ি নিয়ে বেড়িয়েছেন আর অফিসে ফিরে যাননি।
জেটি রোড ধরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটু থেমে যখন আবার চলবেন ভাবছেন তখনি দেখা দিল বিপত্তি। নতুন গাড়ি অথচ কিছুতেই স্টাটঁ নিচ্ছিল না। তাই বাধ্য হয়ে কয়েক জনকে ইশারা করতেই তারা ধাক্কা দিয়ে গাড়িটা নামিয়ে দিল রাস্তায়। ইদ্রিস সাহেব ততক্ষণে চাবি দিয়ে ঘোরাতেই স্টাটঁ নিয়ে নিল। হঠাৎ মুখের চেহারা বদলে গেল ইদ্রিস সাহেবের। যেন গাড়ির গোঙানির সাথে ইদ্রিস সাহেব নিজেই গোঙাতে লাগলেন। মুখের চোহারা তার বদলে গেল, যেন ছত্রিশ বছর আগের ঘটনার সম্মুখীন হলেন তিনি-
শালা, সুয়োরকা বাচ্চা তেরি-। একটা বিশ্রী রকমের অশ্লীল গালি দিয়ে চেঁচিয়ে উঠল ড্রাইভার কুদরত আলী। সঙ্গে একটা বিরাশি সিক্কার থাপ্পড়।
ইদ্রিস তখন চোখে সর্ষের ফুল দেখতে লাগল। আপরাধীর মতো মুখ তুলে কুদরত আলীর দিকে তাকাতেই খেকিয়ে উঠল সে আবার-
শালা। দু মাহিনা হো গিয়া, গাড়িকা এক্সিলার নেহি চিন্তা?
বঙ্গ সন্তান কুদরত আলী রাগের মাথায় উর্দু বলে গেল।
ইদ্রিস শুধু বোকার মতো মার খেয়ে গেল। হাবার মতো খানিকক্ষণ চুপ থেকে আস্তে আস্তে কেরোসিনের তেলে ভেজানো ময়লা ন্যাকড়াটা হাতে করে গাড়ির বাম্পার মুছতে শুরু করল...।
গাড়ির বেগ একটু বাড়ছে। ইদ্রিস সাহেব চার নম্বর জেটি-গেট পার হয়ে রাস্তার মাঝখানের রাউন্ড অ্যাবাউটটা ঘুরে পুলে উঠেছেন। এই ফাঁকে গাড়ির পেছনের দিকটা একবার চেয়ে দেখলেন ইদ্রিস সাহেব। হয়তো গাড়ির বাম্পারটা দেখতে চেষ্টা করছিলেন।
সৈয়দপুরে কুদরত আলীর ছোট্ট মোটর গ্যারেজটায় হেলপারের কাজ শিখতে ইদ্রিসকে কি কম বেগ পেতে হয়েছিল। পূর্নিয়া থেকে সে পালিয়ে এসছিল। পার্বতীপুরে যখন রেলগাড়ির চেকার বিনা টিকেটে ভ্রমণের অপরাধে নামিয়ে দিয়েছিল তখন ইদ্রিস বুঝেছিল বাপ-মায়ের ওপর রাগ করাটা শাস্তি ভোগের সামিল। কিন্তু তখন আর উপায় ছিল না ফিরে যাবার। দুদিন পথে পথে কাটিয়, রাস্তার মিউনিসিপ্যালিটির পানি খেয়ে দিন কেটেছে ইদ্রিসের। আরও দুর্দশার সম্মুখীন হতে হতো তাকে, যদি না কুদরত আলীর নরবড়ে গাড়িটা রাস্তায় আটকে যেত।
-এই ছোঁড়া একটু হাত লাগা না। কুদরত আলী গাড়ি থেকে নেমেই ইদ্রিস কে ডাক দেয়।
ইদ্রিসের সাহায্য নিয়ে কুদরত আলী বনেট খুলে কিছুক্ষণ ঠুক ঠাক করে গাড়ি চালু করে ফেললেন। ইদ্রিস খুব আগ্রহ নিয়ে মেরামতের কাজ দেখছিল। উৎসাহ বেড়ে গেল গাড়ি চলতে দেখে।
গাড়ি চালু করে কুদরত আলী তাকে জিজ্ঞাস করে-
- কোথা যাবি? চল তোকে নামিয়ে দি।
কুদরত আলীর কথা শুনে কেবল ম্লান হাসল ইদ্রিস। আজো মনে পড়ে ইদ্রিস সাহেবের, এ যেন সেদিনকার কথা। ছোকরা বয়স। পাতলা শরীরের গঠন, সুন্দর চেহারা। ড্রাইভার কুদরত আলী তার নিঃসঙ্গ জীবনের সঙ্গী হিসাবে ইদ্রিসকে কল্পনা করতেই হয়তো মায়া বেড়ে গেল। ইদ্রিসের জবাব দিতে দেরী দেখে কুদরত আলী আর চিন্তা না করে পাশের দরজা খুলে দিয়ে আহ্বান করল-
- আয়। ভেতরে আয়।
ব্যাপারটা সংক্ষেপে জেনে নিয়ে কুদরত আলী গাড়ি চালাতে চালাতে আপন খেয়ালেই বলে গেলেন-
- ঠিক হায়। হাম তুমকো কাজ দেগা হামারা গেরেজমে। কো-ই চিন্তা নাই।
দুমাস ধরে কুদরত আলী ইদ্রিসকে কাজ শেখাচ্ছে। কিন্তু সেদিন হঠাৎ অ্যক্সিলেটার ধরতে গিয়ে ক্লাচে হাত পড়েছিল ইদ্রিসের। কুদরত আলী তাই রাগ সামলাতে না পেরে ঠাস করে মেরেছিল এক চড়। দিয়ে ছিল অকথ্য ভাষায় গালি।
কুদরত আলীর দোষ কি। ইদ্রিসকে যে কোন কারণেই হোক সে একটু নেক নজরে দেখত এবং চেয়ছিল সে কাজ শিখুক। কিন্তু মেকানিক হওয়া কি এতই সোজা। কুদরত আলীর যেন তর সইছিল না। রাতে শোবার আগে কুদরত আলী কত উপদেশ দেয় এবং মোটর মেকানিজম সম্বন্ধে কত না থিউরি সে মুখে মুখে শেখাতে চায়। ভবিষ্যতের স্বপ্ন বিভোর হয়ে ইদ্রিস কুদরত আলীকে কতই না আপন ভাবে। তারপর কুদরতের স্নেহ বিগলিত ধারায় সে নিজেকে হারিয়ে ফেলে। অর্জন করে জীবনে অভিনব অভিজ্ঞতা। মোটর মেকানিজমের থিউরি তার উদগত জৈবিক জীবনে শেষমেশ প্র্যাকটিক্যাল হয়ে দাঁড়ায়।
ছ বছর কুদরতের গ্যারাজে বিশেষ হেলপারের কাজ করে ইদ্রিস বিশ বছরেই পাকা ড্রাইভার-মেকানিক হয়ে গেল। তারপর বাড়ি ফেরার নাম করে সে সৈয়দপুরের রেল ওয়ার্কশপে কিছুদিন ঘোরাঘুরির পরে কাজ পেয়েছিল সহকারী মোটর মেকানিক হিসেবে। সেও আজ ত্রিশ-বত্রিশ বছর আগের কথা।
আজ পঞ্চাশের উপর পা দিয়েছেন ইদ্রিস সাহেব। কত ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি জীবনের উন্নতির সিঁড়িতে ধাপে ধাপে উঠেছেন। এখন তিনি একজন সিনিয়র অফিসার। এই উপরে ওঠার মাঝে রয়েছে কত বিচিত্র গতি, কত বিচিত্র অভিনয় ও অভিজ্ঞতা। বিচিত্র বই কি! নইলে আটকেলাস তক পড়া ইদ্রিস সাহেব কেমন করে বেমালুম লোকের চোখে ধুলো ছড়িয়ে স্কুল ফাইনাল বলে চালিয়ে গেলেন। তবে হ্যাঁ ইংরেজী বলাটা তিনি রপ্ত করেছিলেন সৈয়দপুরে। সহকারী মেকানিক থাকাকালীন তিনি গ্যারেজ ফোরম্যান টমসন সাহেবের বাড়িতে বয়ের কাজ করতেন। পাঁচ বছর টমসন সাহেবের বাড়িতে থেকে ইদ্রিস সাহেবের ভুল র্নিভুলের মাঝে ইংরেজী কথাটা রপ্ত হয়ে গিয়েছিল।
দেশটা ভাগ হয়ে গেল। সৈয়দপুর রেল ওয়ার্কশপটা কিন্তু রয়ে গেল পূর্ব পাকিস্তানে- আর পদস্থ হিন্দু ও দো-আঁশলা কর্মচারী ভারতে চলে গেল জায়গা খালি করে। ইদ্রিস এই সুযোগে টমসন সাহেবের পা ধরে বসলেন। হুজুর একটা উপায় করে দিতেই হবে। টমসন সাহেব বদলি হয়ে চলে যাবার আগে ইদ্রিসকে বসিয়ে দিয়ে গেলেন একেবারে আপার সাবঅরডিনেটের ধাপে। রাতারাতি নতুন সারভিস বই খুলে,ইদ্রিস সাহেব কয়েকজন খালাসি নিয়ে একটা সেকশনের চার্জম্যান হয়ে গেলেন। সেই ডামাডোলের মধ্যে কে কার খোঁজ রাখে। তাই ইদ্রিস এক লাফে চার্জম্যান হয়ে ইদ্রিস সাহেব বনে গেলেন।
দু বছর পর কন্ফারমেশনের সময় ইদ্রিস সাহেব যে ভেল্কি দেখালেন তাতে তিনি এর চেয়েও আরো বড়ো কাজ বাগিয়ে নিতে পারতেন। তখনকার দিনে কাজ চালানোর মানুষ পাওয়া মুশকিল, তুচ্ছ একটা কাগজের সার্টিফিকেটের মূল্য কি। ইদ্রিস সাহেব তাই চার্জম্যানের পদটিকে অলোকিত করে পোক্ত হয়ে বসে গেলেন। গোলযোগের মধ্যে ইদ্রিস সাহেব বদলি হলেন চট্টগ্রামে রেলের হেড কোয়ার্টারে। সঙ্গে আনলেন বিচিত্র অভিজ্ঞতা, সর্পিল-ক্রুর কল্পনা, আবিল-পঙ্কিল কামনা, ও অতৃপ্ত আকাক্সক্ষা। আর আনলেন রুপালী তরুশ্রী এক অষ্টাদশী। বাজারে চালালেন সহধর্মিণী হিসেবে...।
চলবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



