কেউ যদি জিজ্ঞেস করে কখনো আমাকে, যে সেবা প্রকাশনীর ছাইপাশ পড়ে কি লাভ হয়েছে আমার? আমার প্রথম উত্তর হবে বলতে পারবো না। কারণ আমার ব্যক্তি জীবনের চিন্তা ধারা জ্ঞান যেসব বই পড়ে উন্নত হয়েছে, তার কথা আর কি বলবো ! আমি সেবা প্রকাশনীর ভক্ত অনেকদিন ধরেই। আমার যখন শৈশবকাল তখন থেকেই পড়া শুরু করেছিলাম অসংখ্য বই। জ্ঞান অর্জন করেছি অনেক অনেক। সেটার পরিমান বলে শেষ করা যাবে না। মাসুদ রানা পড়ে যত জ্ঞান অর্জন হয়েছে সেটা আর কিছু পড়ে পেয়েছে কেউ?
আমরা বাংলা মিডিয়ামের ছাত্র তাই বাংলা ছাড়া ইংরেজি বই পড়ে পাঠোদ্ধার আর সেটা থেকে রস আস্বাদন অসম্ভব। তাই সেবা’র বই ছিলো একমাত্র ভরসা। মাসুদ রানা সিরিজের মজা যখন শেষ হয়ে আসছিলো তখন হাতে পাই পুরনো সব বই। চেষ্টা করেছি সব পড়তে। অনেক কিছু জেনেছি। তারপর ছিলো তিন গোয়েন্দা, ওয়েষ্টার্ন সিরিজ। অনুবাদ, ওহ্, অনুবাদের কথা আর কি বলবো। এত সুন্দর বই বেরিয়েছে যে সেগুলো আলাদা করে বাধিয়ে রাখার মতো। আমি জানিনা অরিজিনাল ইংরেজি বইতে কতটা সুন্দর করে লেখা হয়েছে কিন্তু আমাদের এক্সপার্ট অনুবাদকরা যেটা আমাদের উপহার দিয়েছেন সেটাই কি তুলনাবিহীন নয়? আমি যখন পড়লাম অ্যালান কোয়াটারমেইন, শী, রিটার্ন অব শী, নেশা, স্টেলা তখন আর ইংরেজি বইটা পড়ার আর খেদ জাগেনি। এরচেয়ে সুন্দর করে অনুবাদ করা আর সম্ভব নয়।
অনেকে বলেন, এখন সেবার বইয়ের মান খারাপ হয়ে গেছে। হয়তো গেছে। কিন্তু আমার ধারণাটা একটু অন্যরকম। অমরা এখন আছি ডিজিটাল ওয়ার্ল্ড এ। সব কিছু আমাদের হাতের মুঠোয়। মাসুদ রানার এম আর নাইন শোনা মাত্রই আপনি নেটে সার্চ করে দেখে নিতে পারেন অস্ত্রটা কেমন। কালাহারি মরুভূমির কথা শুনলেই গুগল ম্যাপে দেখে নিতে পারেন আসলে সেটা দেখতে কেমন। ভয়ানক অ্যাকশন মুভি চলছে অসংখ্য চ্যানেলে ২৪ ঘন্টা। আপনার জন্যে আর বাকি রইলো কি! লেখক যাই লিখে মনে হয় ওইটা দেখেই তো লিখলো, ভুল লিখলে তো কথাই নেই, কাশ ৭-৮ এর বাচ্চারা সেটা ধরতে পারে।
আমি কবে যেন, কাকে জিজ্ঞেস করেছিলাম, অরোরা বোলিয়ারিস এর নাম শুনেছ? শুনে সে হা করে চেয়ে রইলো। আমি মনে মনে বললাম, মাসুদ রানা তো আর পড়নি, জানবে কিভাবে।
আমি বলবো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ এই সেবা প্রকাশনী। বলতে পারেন, কতটা মূল্যায়ন করা হয়েছে তাকে? কাজী আনোয়ার হোসেন কে? রকিব হাসান কে? উচিত কি ছিলো না।
আমি সেদিন মাসুদ রানার একটা বই হাতে পেলাম, ৭২ বা ৭৩ সালের ছাপা। হার্ড কাভারের বই, সেই বইটাই সেসময় যতটা উন্নত মানের লেখা ছিলো মনে হলো পাঁচ বছর আগের লেখা। অদ্ভুত তার লেখনী। আহ্, আমি সুখি যে মাসুদ রানার বেস্ট বইগুলো আমি আমার জীবনে পড়তে পেরেছি।
দংশন, হ্যালো সোহানা, আই লাভ ইউ ম্যান বইয়ের মতো বই আর কটা আছে বলতে পারেন? কত কত তথ্য, জ্ঞানের কথা আছে সেসব বইগুলোতে সেটা বলা সম্ভব না। এই যে আমি আজ লিখছি, এইসব বই পড়েই তো আমার চিন্তাধারা, আমার লেখনিতে আসছে।
দুঃখ লাগে একটাই, সেবা প্রকাশনীর কোন অফিশিয়াল ওয়েবসাইট নেই। সামুর সব ভক্তকে একটা রিকোয়েস্ট করি, আসুন সেবা প্রকাশনীর জন্য কিছু করি। কত কত এক্সপার্ট হ্যন্ড আছেন একটা সাইট ডিজাইন করে দিতে পারেন, মেইনটেইন করতে পারেন। কাজী আনোয়ার হোসেন যতটা দিয়েছেন আমাকে আমাদেরকে একটু তার ফেরত দেয়ার চেষ্টা তো করি!
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




