somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফরহাদ বুঝতে পারে লুঙ্গিও রাজনীতির বাইরের বিষয় নয়। (গল্প)

০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটা শেষমেষ ফরহাদের পক্ষেই যাবে। এটা সে জানে। অপমান কখনো কখনো মান বাড়ায়। পলিটিক্সে শেষ কথা বইলা কিছু নাই। সেখানে মান অপমান গরুর মাংসের সুরুয়ার মত-টলটইল্যা, এই ঝোল তো এই চর্বি। মানই অপমান আবার অপমানই মান। শুইয়া শুইয়া আগাপাশতলা চিন্তা করে। কইষা থুথু ফালায়। ডান হাঁটুর উপরে বাঁ পায়ের মুড়া ঠেকায়া পাতা নাচায়। বিড়ি টানে একটা। আবার উইঠা বসে, আবার শোয়। হিসাব মেলায়-গরীব যে অবহেলিত তা এই ইসলামপুরের তালতলি গ্রামে আইসাও সত্য। কোথাও গরীব মানুষের দাম নাই। অপমানের কথা আর চিন্তা করে না ফরহাদ, অপমান ঘাঁইটা মান বাইর করার ফন্দি করে। রাজনীতি লোদ কাদার নিচে পলায়া থাকা পিছলা বাইন মাছ, জায়গা মতো হাত দাও, খামাচায়া ধরো যুইত মতো, টাইনা তুলো সাবধানে আর এর পর ছাই দিয়া না ধরলে তারে কাটন যায় না। আহা বাইন মাছ, ভাবে ফরহাদ ,লুঙ্গিটা আরো শক্ত কইরা বাঁধে, আবারো শুয়ে পড়ে। মাথার কাছে জনালায় শেষ দুপুর, ঝিম ধরা। মাথা ঘুরায়া জানলা দিয়ে তাকায় ফরহাদ, কাপড় শুকানির তারে একটা লুঙ্গি দোলে, হলুদ রঙের একটা লুঙ্গি আশ্বিনের বাতাসে খু-উ-ব গম্ভীর একটা ভাব নিয়া দুলতে থাকে।

ফরহাদের আজকে দাওয়াত ছিল-চৌধুরীর বড়ো মেয়ের বিয়ে। সব বড়লোক আর শহুরদের ভিড়ে ফরহাদরে দাওয়াত দেয়ার কারণ গ্রামে সে-ই ডিগ্রি পাশ করা একমাত্র ছেলে যে গ্রামেই থাকে। আরেকটা কারণ তার মৃত বাবা জনপ্রিয় স্কুল শিক্ষক। যাই হোক চৌধুরীরা তাদের বাড়ির কাজের ছেলেরে দিয়া দাওয়াত পত্র পাঠাইলেও দাওয়াত ফরহাদ পাইছে, এইডা সম্মানের বিষয়। সে গরীব মানুষ, টিউশনি কইরা যা পায় তাই দিয়া চলে, পোশাক আশাক সব ওই কলেজ আমলের, সাধারণ একটা পাঞ্জাবি আর লুঙ্গি সে তুইলা রাখে, টিউশনি বা বাজারে যাইতে পড়ে। আইজও জুম্মার নামাজ পড়বে বইলা ওই ধোয়া শাদা রঙের লুঙ্গিটা মাচাং থাইকা নামায়, টুপি পাঞ্জাবি পড়ে, নামাজ শেষ কইরা চৌধুরী বাড়ির দিকে পা বাড়ায়। খালি হাতে বিয়া বাড়ি যাইতাছে এই নিয়া তার আক্ষেপের শেষ নাই। গিয়া কি করবে, কার পাশে বসবে, কি খাইতে দিবে, কতোটুকু সে খাইবে, তার খাওয়া দেইখা আবার লোকজন হাসবে নাতো, এইসব ভাবতে ভাবতে সে পা বাড়ায়। যাওয়ার পথে যারে পায় তারেই জোর গলায় বইলা বেড়ায় ‌'চৌধুরীর মাইয়ার বিয়াত যাইগো'। এই বলায় তার সম্মান বাড়ে সে বোঝে, তার প্রতিপক্ষ তৈরি হয় সে বোঝে, রাজনীতিতে প্রতিপক্ষ থাকতে হয়, এটা পরিষ্কার। রাজনীতির সাথে ফরহাদের সম্পর্ক আছে,গতবার সে লোকাল এমপির হয়া অনেক কাজ করছে। টাকার জন্য, ওই টাকায় সে ভিটা বানছে, ঘর তুলছে। রাজনীতির টাকায় যার বাড়ি সে হাগলেও রাজনীতি বাইর হয়। স্বাভাবিক পক্রিয়ায় তা না ঘটলে গন্ধ হয়-বিকট গন্ধ। চৌধুরী বাড়ির দাওয়াত যার হাত ধইরাই আসুক এর রাজনৈতিক গুরুত্ব ফরহাদের চোখের কোনে ঝিলিক দিয়া ওঠে। প্রথম যেদিন লাল-শাদার ছাপানো কার্ড তার হাতে আসে সেই দিনই সে বুঝছিল, এইডা টিকিট, লোকাল এমপির প্রতিপক্ষ চৌধুরীরা তারে দাওয়াত দিছে মানে চৌধুরীদের ঘরে ঢোকার সুযোগ দিছে। এলাকায় শিক্ষিত পোলাপান নাই, সে লোকাল এমপিরে এবার ভোটে পাশ করায়া দিতে অনেক হেল্প করছে, চৌধুরীরা তা জানে, জানে বইলাই তারে পাশে রাখতে চায়। সে জন্যেই এই দাওয়াত, ফরহাদের লোল বায়া পড়ে। দাওয়াতে কি খাইবো তা নিয়া না, রাজনীতির ঝোলাগুড়ের পিঁপড়া সে, গন্ধ পায় তীব্র গন্ধ। তলে তলে লোকাল এমপি আর চৌধুরীদের যোগাযোগ আছে, মাঠে তারা যতোই ধুন্দুমার হোক না কেন, ফরহাদ ওই গোপন যোগাযোগের একটা হাত হইয়া উঠতে চায়। মনে তার এই নীরব খায়েশ। কিন্তু রাজনীতির অনেক কিছুই যে বুঝবার বাকি আছে, ফরহাদ এইটা টের পায় চৌধুরী বাড়ির গেইটে ঢোকার মুখে।

ফেরার পথে অপমান বোধই কাজ করে তীব্রভাবে। ক্ষুধাকে খেয়ে ফেলতে পারে এমন অপমান। লুঙ্গির মাঝখানে তৈরি হওয়া ভাঁজগুলোকে বাম হাতে কষে পেঁচায়, একেবারে হাঁটু পর্যন্ত উঠে আসে লুঙ্গি, হাঁটার গতিতে তার উরুও উদলা হয়ে ওঠে। সাইকেলটা নিয়ে আসলে ভালো করতো, এখন যদি পথে কেউ জিজ্ঞেস করে কেমন খাইলেন, কি জবাব দিবে ফরহাদ। দ্রুত হাঁটতে থাকে সে, লুঙ্গি কোমরের কাছে তার বাঁধন আলগা করে, সেই খেয়াল ফরহাদের হয় না, লুঙ্গিই তাকে আচ্ছ্ন করে রাখে। ছোটবেলায় একবার মক্তবে যাওয়ার সময় তার হাতে পিঠা বা কিছু একটা ছিল। বাম বগলে সেপারা চেপে, ডান হাতে ওই পিঠু-উঠা ধইরা সে যাইতেছিল। হঠাৎ কোইথাইকা চাইর পাচটা কুত্তা তারে চাইর পাশ থাইকা ঘিরা ধরলো। কিছু না বুইঝাই হাতের পিঠাটা উঁচায়া ধরলো সে, কুত্তাগুলার ঘেউ ঘেউ বাইড়া গেল, তার লুঙ্গি কামড়ানো শুরু করলো। মায়ে বাইন্দা দিসে লুঙ্গি, কি হারামজাদা কুত্তাগুলা, সবতের সামনে সেই লুঙ্গি টাইনা খুইলা ফালাইলো, ভয়ে ফরহাদ পিঠা সেপারা সব ফালায়া দেয়। কুত্তাগুলাও তারে ছাইড়া দেয়, কুত্তা কখনো লুঙ্গি খায় না, পিঠা খায়। কি বেকুব ছিল ফরহাদ এইটা সে জানতোই না, লুঙ্গি টানলেও পিঠা আসে।

চৌধুরী বাড়ির গেইটেই দারোয়ান তারে ঢুকতে বাধা দেয়। দারোয়ান তারে চেনে, ভালো কইরাই চেনে, কিন্তু সাহেবদের নাকি নির্দেষ আছে লুঙ্গি পড়া লোকজন যেন এখন না ঢোকে, পরে যখন শহরের সাহেবরা চলে যাবেন তখন ঢুকতে পারবেন। ফরহাদ বোঝায় তাকে দাওয়াত দেয়া হয়েছে, একবারে লাল শাদায় ছাপানো বিয়ার কার্ড তারে দিয়া আসছে সোবহান নিজে গিয়া। সে দারোয়ানকে বলে সোবাহানকে ডাকতে, দারোয়ান তাকে পাশে ডাইকা নিয়া কানে কানে মাফ চায়। ‌'‌বড়ো সাহেব দেখছে আপনে আইতাছেন, তারপরই আমারে আইসা বইলা গেল লুঙ্গি পড়া লোকজন ঢুকতে না দিতে'। দারোয়ান তাকে চলে যেতে বলে। চলে আসে ফরহাদ। বিয়াও যে রাজনীতির বাইরে না এটা সে বোঝে, রাজনীতির বাইরে কিছু নাই, কিচ্ছুই নাই। গবতবার সে লোকাল এমপির হয়া কাজ করছে-তার শোধ তুললো চৌধুরীরা। লুঙ্গি উছিলামাত্র। জীবনে এতোটা ন্যাংটা হইতে হয় নাই ফরহাদরে। বাম ঠ্যাঙের উপরে ডান পা তুইলা দিয়া ক্ষুধা পেটে সে বোঝে, লুঙ্গিও রাজনীতির বাইরে না। লুঙ্গিরও দল আছে। গরীবরেও গ্রুপ আছে। নির্বাক লুঙ্গি, নির্বোধ গরীব। যার প্যান্ট আছে তার প্যান্ট কেনার টাকা আছে। লুঙ্গি পড়লে ঘন ঘন ময়লা লাগার ভয় নাই, মানিব্যাগ রাখার জায়গা লাগে না, বেল্ট লাগে না, চুলকানি ওঠে না। কিন্তু প্যান্ট পড়লে সব-ই লাগে। প্যান্ট পইড়া পালাইতে সুবিধা, খুব সুবিধা। কিন্তু আইজ লুঙ্গি আর প্যান্টের রাজনীতিতে ফাঁইসা গেল ফরহাদ। তারে অপমান করার জন্যই দাওয়াত দেয়া হইছে-এটা এখন পরিষ্কার, সে লুঙ্গি পড়ে এইটা সবাই জানে, লুঙ্গি পইড়াই সে ঘুইরা বেড়ায়। মুততে যাও আর বিয়ার দাওয়াতে যাও সবতাতেই তার লুঙ্গি। মাত্রই হাতে কিছু টাকা আসছে প্যান্ট বানানির সময় পায় নাই। কিন্তু এখন আর প্যান্ট বানানির চিন্তা সে বাদ দিছে। লুঙ্গিই তার নিশান-ভাবে সে, পোশাকই তার দল অথবা মুখোশ।

শোয়া থেকে উঠে বসে, জানলা দিয়ে রোদে ঝুলতে থাকা হলুদ লুঙ্গিটা দেখে। গ্রামে প্রায় সবাই লুঙ্গি পড়ে, দাড়ি টুপি রাখে-কিছু হিন্দুও আছে, হিজড়াও আছে একটা পাড়ায়। কিন্তু লুঙ্গি সবাই পড়ে। আর আইজ সেই লুঙ্গি চৌধুরী বাড়িত ঢুকতে পারলো না ক্যান। কারণ লুঙ্গি প্যান্টের প্রতিপক্ষ হয়া উঠতে পারে নাই, প্যান্টের একটা আকার আছে, তার দুইটা পা আর কোমর আছে, বাকি ফাঁকা অংশ পূরণ করে সে-ই যার যেটা গায়ে লাগে, একজনের প্যান্ট আরেকজন পড়তে পারে না, সাইজে না মিললে। লুঙ্গির এতো হিসাব নাই। খালি একটা শিলাইয়ের কাম, এর পর পড়লেই হইলো। ভেজাল কম লুঙ্গির-এটাই তার স্বভাব। সেই লুঙ্গি নিয়াই ভেজাল করতে হইবো। উত্তেজনা পেয়ে বসে ফরহাদকে। বাজারে বাজারে ছড়ায়া দিতে হইবো লুঙ্গি পড়ছে বইলা তারে ঢুকতে দেয়া হয় নাই চৌধুরী বাড়িতে। চৌধুরীরা লুঙ্গি পড়া চাষাভুষারে মানুষ ভাবে না। দল ভারি করতে হবে ফরহাদের। কলেজে থাকতে সেও প্যান্ট পড়ছে। কিন্তু এখন আর না, এখন লুঙ্গিই তার নিশান হবে, লুঙ্গি নিয়াই সে শহরে যাবে। চাষাভুষার গতর নিয়া রাজনীতি করে চৌধুরীরা, কিন্তু তারা বেকুব, লুঙ্গিটারে রাইখা দিছে। প্রতিপক্ষ বানায়া রাখছে। বোঝে নাই লুঙ্গি অনেক বড়ো একটা বিষয়।

আশ্বিনের বাতাসে ঝুলতে থাকা হলুদ লুঙ্গি মৃদু হেসে ওঠে বোধহয় ফরহাদের দিকে তাকিয়ে। লুঙ্গিকে আচরণে প্যান্ট করে তুলতে হবে। কোন কিছুই যদি রাজনীতির বাইরে না থাকে, লুঙ্গি কেন বাদ যাবে। আর তাছাড়া চাষাদের শরীর মন মগজ সব বেদখল। গায়ে জামা থাকে কি থাকে না, লুঙ্গি ঠিকই থাকে। ফলে লুঙ্গিরে এতো নিরীহ ভাবার কিছু নাই। কোমরে পেঁচানো লুঙ্গি এবার সরব হয়ে উঠবে, ধবধবে লুঙ্গিও শহুরে হয়ে উঠবে। লুঙ্গি টানলে যে পিঠা আসে এই অভিজ্ঞতা ফরহাদের আছে। ছোটবেলার ঘটনাই বা কেন রাজনীতির বাইরে থাকবে। কিন্তু লুঙ্গির পাশে, লুঙ্গির পাশে কি থাকবে। বোরখা,শড়ি চুড়ি, নোলক, সিঁদুর, ঘোমটা, কী বুঝে উঠতে পারে না ফরহাদ। ঝুলতে থাকা হলুদ লুঙ্গি তবুও বাতাসে দুলে যায়।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৯
২৭টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×