আমি কী আমার তিন পুরুষের নাম জানি? কেমন সুরত ছিলো তাদের, কেমন পোষাক? কেমন বিস্তৃত ছিলো শাড়ির লাল-নীল পাড়ের আয়তন? আমি কী জানি বাস্তভিটার নিচে সাজানো কত

? কেমন নোলক পরতেন প্রমাতামহ; দুধেআলতায় মিশতো কিনা তার রাতের সংসার? আমি কী জানি তাদের অকৃত্রিম ভালোবাসার আয়তন। আগুনরাঙা সন্ধ্যায় উঠোনে মাদুর বিছিয়ে কতটা মুখোমুখি হতেন একান্ত দুজনে? ভুলের শরীরে কেমন ছিলো তাদের পারস্পারিক ক্ষমার দৃষ্টি? আমার কী মনে আছে রুমালে বালিশে লেখা সেইসব প্রেমময় ‘ভুলো না আমায়’ অকৃত্রিম স্বাক্ষর? পিতামহ কিংবা পিতা এই তো সেদিন, যা বলেছেন তারও কী কিছু মনে আছে আমাদের? তোমারও কী মনে আছে ভালোবাসার প্রথম বুকেটে ছিলো কটি গোলাপ আর কটি আলমান্ডা? বিগত গভীর রাতে তোমাকে যা বলেছি, তার কী কিছু মনে আছে ঠিকঠাক? আজও কী পছন্দের তালিকায় চোখ না বুলিয়ে বলতে পারো, কখন কী চাইছি আমি? আমাদের কী মনে আছে জন্মদাতার মৃত্যুদিন, কিংবা মায়ের জন্য শীতের চাঁদর নিয়ে ঘরে ফিরে আসা। আমাদের কী মনে আছে নিজস্ব জন্মতারিখ? কী ছিলো আমাদের বিবাহের দিনে? বৃষ্টি না মেঘ? আজও তো বাজারের তালিকা থেকে বাদ পড়ে গেল রসুন-পেয়াজ! আমরা কী ভুলছি না চুলো নিবানোর আগে তরকারীর লবন চেঁখে নিতে? কিছুই কী মনে আছে আমাদের? তুমি আমিই তো ভুলে যাচ্ছি পরস্পরের প্রিয়পদরেখা। এমন দুর্বল স্মৃতি নিয়ে অনায়াসে কী বলতে পারি? এ অধিবাস আমার, তুমি আমার বিবাহের একমাত্র প্রতীক? এত নির্ভার নিয়ে বলতে পারি? এ পাহাড়, এই জনপদ আমার, এ শিমুল জারুল লাগিয়েছিলেন আমার পিতামহ। কিংবা ঠিক এমনই স্বাদে রাঁধতেন আমার মা। যে আমরা পকেটে মানিব্যগ নিতে ভুলে যাই প্রায়শ; প্যান্টের চেইন টানার কথা বলে দেয় আরেকজন; সেই আমরাই কিভাবে বলি? ঠিকঠাক ঘরে ফিরবো ঘুমের ভেতরে; রিকশাওয়ালাকে ঠিকানা জানিয়ে। যে আমার তিন পুরুষের নামই মনে নেই; সেই আমি কীভাবে দখল সাজাই অকৃত্রিম পাহাড়ের বুকে।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৩৯