আমার গ্রামের কিছু পড়শি এসেছে শহরে;
রাতে ডাইনিং টেবিলে গোল হয়ে
ওরা একে অপরে তর্ক-বিতর্কে
চূড়ান্ত করছে কেনাকাটার সময়ঘন সিডিউল।
বিশাল না ত্রিশাল কি যেন এক সেন্টার থেকে
ওরা কিনতে চায় ব্রা ও ব্লাউজ
বেইলি রোড থেকে টাঙ্গাইলশাড়ি
আর গাউছিয়া থেকে কিনবে র-পেটিকোট।
মেঘমুক্ত সন্ধ্যায় লেকরোডের সরকারি শরীরে
হাঁটবে কি-না বলছে না কেউ
বরং তারা নিউ মার্কেটে যেতে অস্থির;
যদি হাতছাড়া হয় পছন্দের বডিস্প্রে।
লোশন কিংবা রাতের পোশাকগুলো
যদি ফুরিয়ে যায় ট্রাফিক জ্যামের বিলম্বে
কিংবা ইয়াংতুই চাইনিজের পারিবারিক টেবিল
দখলে যায় অন্য প্রেমিকজুটির।
গ্রামের কিছু পড়শি আজ আমার বাসায়;
আমরাও যেমন মাঝে মাঝে গ্রামে ফিরি
তখন ভাব আর পোশাক বিনিময়ে
ওদের মাথায় ডুকেছে এইসব শহুরে মাকড়।
সিনেপ্লেক্সের এক শো আর সিটিমল থেকে
হাইহিল কেনার কথা আমরাই বলেছি
চিড়িয়াখানায় হাতির পিঠে চড়ে আকাশ ছোঁয়া
কিংবা রমনা পার্কের বেঞ্চে বসে
সবুজের পাশে বিবর্ণ আগামী উপভোগের
বিরল সুযোগ তখনই জানিয়েছি ওদের।
ওরা শহরে এসেছিল সাতটি পোকা মাথায় নিয়ে;
নামতে বাকি আর মাত্র একটি
ওরা আজ পার্কে ঘুরে নিজের হাতে বোনা
পুঁইশাকের সঙ্গে মিলাচ্ছে ইউক্যালিপটাস
তবে মুখ থেকে ফেসিয়ালের কাদা সরিয়ে
আবার গ্রামে ফেরার ইচ্ছেটা একান্ত ওদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



