ছোটবেলায় একবার মামাবাড়ি যাচ্ছিলাম লঞ্চে করে। অফিসের কাজে আব্বু যেতে পারেনি তখন, তাই আম্মু আমাকে নিয়ে মামা আর খালামনিদের সাথেই যাচ্ছিলেন। মামাবাড়ি যাওয়ার জন্য লঞ্চ ভ্রমন শেষে কিছুদুর নৌকায় যেতে হয়েছিল। সেবার অনেকে একসাথে যাচ্ছিলাম বলে মালপত্তর ও অনেক ছিল। প্রথমে সেগুলোকে নৌকায় তোলা হল, তারপর একজন একজন করে অন্যরা নৌকায় উঠতে লাগলো। আম্মু আর ছোটমামা সবকিছুর তদারকি করছিল। আমি ছোট মানুষ তাই চুপচাপ অপেক্ষা করছি, নিশ্চয়ই আমাকে কোলে তুলে নৌকায় উঠানো হবে। সবাই খুব ব্যস্ত। আমার দিকে কেউ তাকাচ্ছেও না। শেষের দিকেও যখন আমাকে তুলে নিতে কেউ আসছিল না, প্রথমে আমার দুচোখে পানি চলে এলো। তারপর আমার মনে হল যে -আমার কথা সবাই ভুলে গিয়েছে, আমাকে এখানে ফেলে রেখেই হয়তো সবাই চলে যাবে। তারপর গিয়ে হঠাৎ দেখবে যে আমি সাথে নেই। আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম।
কান্নার শব্দ শুনে সবাই আমার দিকে তাকালো। ব্যাপারটা বুঝতে পেরে কেউ বললো “আহারে ………. কাঁদে না, ছি ……… ”, কেউ মুঁচকি হাসলো। ছোটমামা মিটিমিটি হাসতে হাসতে আমাকে কোলে তুলে নৌকায় নিয়ে গেলো, আম্মু সান্ত্বনা দিতে লাগলো।
অনেক আগের সেই দিনের কথা স্পষ্টই চোখে ভাসে। ইদানিং মাঝে মাঝে মনে হয়, সবাই যার যার জীবন তরীর তদারকি তে ব্যস্ত, আর আমি আমার তরীতে উঠতে পারছি না। কিন্তু সবার সামনে কাঁদতেও পারছি না। তাই কেউ বুঝতেও পারছে না যে আমার নিজেকে কতটা অসহায় লাগছে এখন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


