রমজান মাসে ঢাকা শহরের ভয়াবহ যানজট ভয়াবহতম আকার ধারণ করে। এবারও তার ব্যতিক্রম ঘটে নি। তবে এখন পর্যন্ত একটি বিষয় আমার কাছে বেশ ভাল লেগেছে সেটি হল রাস্তায় আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা। সত্যি কথা বলতে কী যে আমি এবার যতটা যানজটের আশঙ্কা করেছিলাম সে তুলনায় যানজট বেশ কম। রোজার প্রথম দিন থেকেই রাজপথে পুলিশ সদস্যদের অতিরিক্ত উপস্থিতি আমার নজরে এসেছে। মোড়ে মোড়ে ট্রাফিক সার্জেন্টকে সহায়তা করার জন্য ট্রাফিক বিভাগের বাইরের একদল পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এবার তাদের ভূমিকা এখন পর্যন্ত বিগত দিনগুলোর তুলনায় অনেক কার্যকরী। যত্রতত্র পার্কিংয়ের ক্ষেত্রে পুলিশ অনেক মামলা করছে। মোবাইল কোর্টের মাইক্রোবাসও চোখে পড়ছে। তাছাড়া মোটর সাইকেল ও গাড়িতে টহল পুলিশের সংখ্যাও বেশি। ট্রাফিক পুলিশের র্যাকারও দেখছি রাস্তার পাশে হাজির আছে। বিশেষ করে রাস্তার পাশে পার্কিং উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে এসেছে যার কারণ একটাই সেটা হল পুলিশ হটাৎ করে এসে মামলা করে দিচ্ছে। ট্রাফিক সিগন্যাল মানতে বাধ্য করানোর বিষয়েও পুলিশ সদস্যরা তৎপর ভূমিকা পালন করছে দেখে বেশ ভাল লেগেছে। মূল সড়কের মোড়গুলোতে যাতে চতুর্দিক থেকে গাড়ি এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্য দিয়ে গাড়ি ছাড়া হচ্ছে এবং বন্ধ করা হচ্ছে।
সব মিলিয়ে ঢাকা শহরে এখন পর্যন্ত যে ধরণের যানজটের ভয় আমি পাচ্ছিলাম তার থেকে অনেকখানি কম বলে মনে হচ্ছে। এখান থেকে একটি বিষয় পরিষ্কার হয় যে কর্তৃপক্ষ সচেতন হলে সত্যিকার অর্থে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রোজার মাসের ভূমিকা এখন পর্যন্ত আমার কাছে যথেষ্ট প্রশংসনীয় মনে হয়েছে। এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্যণীয় যে পুলিশের সুন্দরভাবে দায়িত্ব পালনের অন্যতম নিয়ামক অধিক সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি। আগে মোড়ে সার্জেন্টের সাথে একজন বা দুইজন কনস্টেবল দায়িত্ব পালন করতেন কিন্তু এখন অতিরিক্ত ৬-৭ জন সশস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করছে। তাদের সাথে পেট্রোল কারও আছে। অর্থাৎ জনবল সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য অত্যন্ত জরুরী। বর্তমানে রাস্তায় পুলিশের ভূমিকায় আমি বেশ আনন্দিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




