সুখী মানুষদের কবিতা পড়ে আমার অসুখ করে।
তাদের কবিতায় মাথা ব্যাথা, দুর্বল দু'পা ইত্যাদি থাকে না
নিয়ম করে প্রেমিকার আসা যাওয়া, গুনে গুনে চুমু পান
তারা আস্ত বাগান পুরে রাখে শখের ফুলদানিতে।
রোদের এক রঙই দেখি- তাপরঙ
তাদের হলুদ আকাশ, নীল মহুয়া, রাক্ষুসী সব জোনাক
মসলাবনের জ্যোৎস্না, পাহাড়ের নোঙর- ভয় পাই!
নায়িকাদের নদীচোখে সাদা সাদা স্বপ্ন- কালো নাই, আঁধার নাই
কোন অশুভ হাওয়ার দোল নাই।
বহুগামী অনুভূতির শেষাংশে মরে যায়, ক্ষয়ে যায়
নত অস্তিত্বের সামনে নুয়ে থাকে পিতামহের কোমর
সেখানে জমতে থাকে স্পর্শহীন মিথ্যা।
না! কোন দয়া নয়, কৃপা নয়
সে এক ঘোরের কথা লিখি, অসহায় দৃষ্টির কথা লিখি
ভেতরের টানে টানটান বাতাসের কথায়, আর
প্রমানিত সত্যে আমিও অবিশ্বাস করি সুখ
এসব ভানে লজ্জিত, লজ্জিত সমুদয়।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



