আমি শিখে গেছি কি করে বাধতে হয় টাই এর নট
ওপাশে আমার বারান্দায় এখনো ফোটে ফরগেট মি নট!
আমি শিখে গেছি বাইরে থেকে এসে হ্যাঙ্গারে ঝুলবে শার্ট
আমাকে জানিয়ে গেছ তুমি ভালোবাসা মিছে শিল্প-আর্ট!
আমি শিখে গেছি ব্রাশ করার আগে চুমু খেতে নেই
উত্তপ্ত সময়ে হারিয়ে ফেলতে নেই আবেগের খেই!
আমি শিখে গেছি চশমাটা খুলে ঠিক করে রাখতে
এখানে পরতে পরতে ধুলো জমছে মলিন স্মৃতিতে!
আমি শিখে গেছি জুতোটা বাইরে রেখে আসতে হয়
অগোছালো এলোমেলো বিছানা কিভাবে গুছোতে হয়!
আমি জেনে গেছি কিম্ভূত মশারিটা কিভাবে টানাব
আমি বড্ড ভাল আছি, কিভাবে তোমাকে জানাব?
আমি শিখে গেছি বাদলার দিনে ছাতা ফেরত আনা
কতটা অসুখে ভুগে নিজেকে সুখী ভাবা যায় জানা!
আমি জেনে গেছি এখন বেডরুমে ধূমপান নিষেধ
এখানে ক্যালেন্ডারে দিন নেই কোন বিশেষ!
আমি শিখে গেছি কিভাবে ভাল থাকতে হয়
আমি জেনে গেছি কিভাবে ভুলে যেতে হয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




