খুব ব্যস্ত শহরে আগামীর স্বপ্ন নিয়ে
আমি একা হেটে ছিলাম।
সাঁই সাঁই করে পাস দিয়ে চলে যেতে দেখেছি
তোমাদের দেমাগি নীল প্রাইভেট কার
তবুও পিছে ফিরে চাইনি।
হঠাৎ এক্সকিউজ মি বলে
আমার মধ্যবিত্ত কালো জুতায়
সূচালো হাই হিলের খোঁচা দিয়ে
রেড ওয়াইন কালারের গাড়ীতে
উঠেছিলো শহুরে তরুণী
আমি তার দিকেও ফিরে চাইনি।
অথচ শাহবাগ পেরিয়ে টি এস সি যেতেই
কাঁচাপাকা দাড়ির একজন মধ্যবয়সী পাগল বলেছিল
একটা বাঙলাদেশ দিবি?
আমি থমকে দাড়িয়েছিলাম তার প্রশ্নে
তার চোখের প্রখর দৃষ্টিতে কোন ছলনা ছিল না
আমি কিছু বুঝে উঠার আগেই বলেছিলাম দিব
তারপর আনমনে ঠোট নাড়িয়ে সে কিছু না বলেই চলে গেলো!
আমি কিছুই শুনতে পাইনি
শুধু এটুকু শুনেছিলাম
তোদের অগ্নিদগ্ধ মাংসপোরা দেশ আর আমি চাই না।
৩০ জানুয়রী, ২০১৫
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




