তেপান্তরে খোলা আকাশে
স্বাতী নক্ষত্র হয়েও মিলিয়ে যাই সামান্য মেঘে।
বুকের মাঝে সুনামি হয়, প্রিয়;
তোমাকে কাছে পাবার তীব্র আকুতি নিয়ে।
একাকী নিঃশেষ হই প্রতিনিয়ত জ্বলে পুড়ে;
আমি যে বিরান পথে হাটছি লুব্ধক হয়ে।
আত্মবিরোধী প্ররোচনায় নিঃশেষিত হয়েছি
চন্দ্রগামী স্বর্গীয় রথ ফিরিয়ে।
আজ আমি পূর্ণ চন্দ্রগ্রহণ চাই পদ্মপুকুরে,
জলের সমস্ত অনু-পরমাণুতে অবরোধ হোক,
প্রতিটি কলমি লতায় প্রেম আসুক গোপনে।
প্রতি মূহুর্তে নিকষ অন্ধকারে
আদিপুরুষরূপে আবির্ভূত হচ্ছে প্রতারক কঙ্কাল,
কঙ্কালসার যৌবনে লেপ্টেছে ছলনার সুগন্ধি;
কলঙ্ক মুছে ফেলেছে সব বুনো শুয়োর,
এখন কঙ্কর নয় হাতে গোলাপ নিয়ে অপেক্ষা সবার;
মুচকি হেসে পায়ে আলতা পড়ছে প্রবঞ্চক।
অথচ সেই অনাদিকাল থেকেই
আমি শুধু তোমার অপেক্ষাতেই আছি, প্রিয়।
১১/০৮/২০১৫
[email protected]
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




