আমার অবুঝ দু'টো মানুষ আছে
আমার অসীম দুটি আকাশ আছে
আমার পালকমাখা দু'টি পাখা আছে
আমার বোম্বেটে দু'টো শিশু আছে
যখন-তখন ক্লান্তিহীন নালিশ আছে......
আমার দু'জোড়া উদ্বিগ্ন চোখ আছে
অনেকখানি জমানো জল আছে
আমার খটমটে দুই বৃদ্ধ আছে
আমার উচ্ছ্বল দুই তরুন আছে
আমার দু'জন যোদ্ধা-বীর আছে
ঢাল তলোয়ার আর তীর আছে
লুকিয়ে পড়ার দু'টি পাহাড় আছে
ঘুমিয়ে পড়ার গুহা আছে
আমার দু'জন শাসক আছে
আমার দু'জন শোষক আছে
যথেচ্ছ আইন ঘোষণার ঘোষক আছে
আমার মুখ গোজার দু'টি বুক আছে
হাত পাতার-হাত ধরার দু'জোড়া হাত আছে
জড়িয়ে ধরার দু'জোড়া বাহু আছে
বৃহষ্পতি আছে, শনির রাহুও আছে
আমার অবুঝ দু'টি শিশু আছে
রাম-রহিম আর যীশু আছে
আমার অবুঝ দুটি মানুষ আছে
হারাবার মতো দু'টি ফানুস আছে..........
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


