
‘আমি বেঁচে থাকতেই যেন আমাকে নিয়ে কোনো চলচ্চিত্র তৈরি না হয়।’ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এটাই চেয়েছিলেন। কিন্তু তা আর হলো কই! ১ অক্টোবর মুক্তি পেল ফেসবুক প্রতিষ্ঠার নানা ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র দ্য সোশ্যাল নেটওয়ার্ক। ফেসবুকের ৫০০ মিলিয়ন ব্যবহারকারীর অর্ধেকও যদি ছবিটি দেখতে যান, তবেই তো তা ব্লকবাস্টার হিট হয়ে যাওয়ার কথা। হচ্ছেও তাই। প্রথম সপ্তাহে ছবিটি আয় করেছে প্রায় ২৩ মিলিয়ন ডলার।
‘ইউ ডোন্ট গেট টু ফাইভ হানড্রেড মিলিয়ন ফ্রেন্ডস উইদাউট মেকিং এ ফিউ এনিমিস’ ছবির ট্যাগলাইন এটাই। ২০০৩ সালের এক রাতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি রুমে মার্ক জুকারবার্গ বসলেন তাঁর কম্পিউটার নিয়ে। চালু হলো বন্ধুদের সঙ্গে যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। ২০০৪ সালে প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু ফেসবুকের। ছয় বছরে ফেসবুক পেল ৫০০ মিলিয়ন ব্যবহারকারী। আর মার্ক জুকারবার্গ বনে গেলেন ইতিহাসের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার। তবে তাঁর পেছনে রয়েছে প্রিয় বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত আর আইনি লড়াইয়ের ইতিহাস। সেটাই দেখানো হয়েছে এই ছবিতে।
ডেভিড ফিনচার পরিচালিত এ ছবিতে মার্ক জুকারবার্গের ভূমিকায় অভিনয় করেছেন জেসি আইজেনবার্গ। গত বছর অ্যাডভেঞ্চার ল্যান্ড, জোম্বি ল্যান্ড ছবি দিয়ে পরিচিতি পেয়েছেন। অন্যান্য ভূমিকায় আছেন অ্যান্ড্রু গারফিল্ড, রুনি মারা, ব্রেন্ডা সং প্রমুখ। সংগীতশিল্পী জাস্টিন টিম্বারলেক অভিনয় করেছেন অনলাইনে গান আদান-প্রদানের ওয়েসাইট ন্যাপস্টারের প্রতিষ্ঠাতার ভূমিকায়।
ছবির চিত্রনাট্য রচনার জন্য সাহায্য নেওয়া হয়েছে বেন মেজরিকের লেখা অ্যাক্সিডেন্টাল বিলিয়নিয়ারস বইটি থেকে। ফেসবুক প্রতিষ্ঠার ঘটনা নিয়েই লেখা হয়েছে বইটি। তবে আসল ঘটনা রং-চং মাখিয়ে প্রকাশেরও অভিযোগ আছে লেখকের বিরুদ্ধে। তাই ছবিটা কতখানি বিশ্বাসযোগ্য, তা নিয়েও প্রশ্ন থাকতেই পারে। হার্ভার্ডের সুন্দরীদের কাছে পাত্তা না পেয়েই জুকারবার্গ চালু করেছিলেন ফেসবুক। বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করেছেন। ছবিতে এসব দেখে জুকারবার্গের ভালো না লাগারই কথা। এ জন্যই বোধহয় এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি তাঁর কাছ থেকে। মুখ খুলেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতাদের একজন ডাস্টিন মস্কোভিটজ। ছবিতে তাঁর চরিত্রটিও আছে। চিত্রনাট্যে মার্ককে বাজেভাবে আক্রমণ করা হয়েছে। তবে শেষ পর্যন্ত তাঁর চরিত্রের উদ্যমী দিকটা কিন্তু লুকানো যায়নি।
- ফেসবুক দিয়ে সিনেমা হবে ভাবিনি কখোনো। দেখতে হবে। কবে যে ডিভিডিতে পাবো। পরীক্ষাও সামনে।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


