প্রাথমিক ২৪ ঘন্টা সব সময়ই নরকতুল্য। ঐ সময়টা নিজেকে একেবারে ছেড়ে দেই । যা ইচ্ছে হয় তাই করি, বলি, লিখি , কাঁদি । কোন বাঁধা নেই। শিকলবিহীন শোক। দরকার আছে , একেবারে গহীন থেকে সমস্ত আবেগের অর্গল খুলে দিয়ে তাদের মুক্ত করে দেওয়া , নিজেও মুক্ত হওয়া ।
তারপর নিজের ভিতর একেবারে শূন্য করে দিয়ে নিরব হয়ে যাওয়া । যে বিষয়টি আমাকে ভয়ংকর কষ্ট দিচ্ছে , তা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা । এজন্য মিথিলা , আমার মিথিমন, আগামী কিছুদিন থাকবে না আমার লেখায় , কথায়, চিন্তায় । যতক্ষন না আমি শোক কাটিয়ে উঠি! নিখাঁদ নির্মল আনন্দ খনিতে ডুবে যাব।
এখন সেই রকম ডুবে আছি । গানে । আমার সবচেয়ে বিশ্বস্ত আর নির্ভরযোগ্য বন্ধু । আমার চিরকালীন প্রেম।
ডুবে আছি নজরুলের গানে। প্রেমের গানে আমি নজরুলকে সবচেয়ে উপরে রাখি । কাব্যময়তা আর শব্দ , ভীষন তৎসম শব্দকে কি অবলীলায় ছন্দে গাঁথেন কবি , গীতি হয়ে ওঠে গীতিকাব্য । সঙ্গীত আর কবিতার আলাদা আলাদা সৌন্দর্য্য কেমন মিলে মিশে সৌকর্য্যের জোয়ার সৃষ্টি করে।
নজরুলের গান অনেকের কন্ঠেই শুনে মুগ্ধ হয়েছি । কিন্তু পূরবী দত্ত , শিপ্রা বসুর কন্ঠে শুনে আবার নতুন করে উতলা হই, হই মাতাল। আর প্রিয় গায়ক , যার গান শুনে আমার কখনো তাকে বিয়ে করতে ইচ্ছে হয় পাগল ভক্তের মত আর আত্মহত্যা করতে মন চেয়েছিলো , যখন জানলাম তিনি বিবাহিত , সেই অজয় চক্রবর্তী এর কন্ঠে শুনে পাগল হই বার বার ।
নজরুলের কোন গান ভালোবাসি না, জিজ্ঞাসিলে বড় বিব্রত হইবো , গুনী । আমারে রাখো এই হ্যাঁ-না এর বাহিরে । বরং , দুপুরে যে চরণ করেছিলো আপন , তাদের মুক্তি দেই-
আনত আনো কোমল উরসিজ
সম্প্রদানে শঙ্কিত বীজ
উপেক্ষণে পঙ্কজ দল
আঁখিতে শুষ্ক অশ্রু অনল!
রাগ ইমন
১৪ ই জানুয়ারী ২০০৭
ঢাকা
[ দেখিবে কে যেন মরে মিশে আছি , তোমার পথের ধুলিতে
আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে ]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







