রাজনীতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমার মত আম পাবলিক যত কম কথা বলব ততই মঙ্গল। উপরন্তু আমি মনে করি আমার ক্ষেত্রে এটা অনধিকারচর্চা। তাই এ নিয়ে সাধারণত কিছু বলি না। কিন্তু পরিস্থিতি বারবার টেনে নিয়ে আসলে আমি কী করব? ক'দিন আগে বলেছিলাম, সংলাপের আহ্বান ফিরিয়ে দিয়ে খালেদা জিয়া চরম ভুল করেছেন, এখনো সে কথাতেই আছি। যদিও সেটি বাহ্যত সংলাপের আহ্বান না হয়ে ছিল খাওয়ার দাওয়াত।
যাহোক, বাস্তবতা তার গতিতেই চলবে। আমি বর্তমানে প্রচলিত কোনো রাজনৈতিক দল এমনকি হেফাজতে ইসলামের কর্ম-প্রক্রিয়াকেও সমর্থন করি না। সুতরাং বিএনপি--- প্রশ্নই আসে না। এখানে যে কথাটি বলব, সমর্থন বা মোকাবেলা থেকে নয়, জাস্ট দায়িত্ববোধ। আমি যদিও বলব বিএনপির লাভের জন্য নয়, জনসাধারণের সস্তি ও শান্তি জন্যে, কিন্তু খালেদা জিয়া তার রাজনৈতিক লাভালাভের হিসেব থেকেই বিষয়টি দেখতে পারেন। রাজনীতির ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে নিরব থাকা একটা কৌশল। আর কথা কম বলা উন্নত রাজনৈতিক সংস্কৃতি। সেক্ষেত্রে তারেকের অবস্থান ঠিক আছে। কিন্তু সংলাপে এগিয়ে যেতে বা পরবর্তীতে নিজ থেকে কোনো উদ্যোগ নিতে তার মাকে পরামর্শ দেয়ার একান্তই প্রয়োজন ছিল। কারণ তার মায়ের আশেপাশে আমি এমন কাউকে দেখছি না যিনি এ সময়টাতে সঠিক পরামর্শটি দিতে পারতেন। এদিকে তার মাও সংলাপ-কৌশলে কিছুটা দ্বিধান্বিত, কিছুটা আক্রোশের বশীভূত।
মেডাম, আপনাকে বলছি, আগামী ২৪ বা ৪৮ ঘন্টার মধ্যে সংলাপের ঘোষণা দিন, ১ সপ্তাহের মধ্যে কার্যকর করুন। যদি মনে করেন, এটাকে অন্যরা দুর্বলতা ভাববে, তাহলে আন্দোলনও চালিয়ে যান, আপত্তি নেই। কিন্তু শর্তহীন সংলাপে আকস্মিক একটি উদ্যোগ নিয়ে জাতিকে চমকে দিন। আপনার বা আপনাদের পক্ষ থেকে কোনো শর্ত দেবেন না। সফল হওয়া পরের প্রশ্ন, প্রথম প্রশ্ন- জাতি একটি সংলাপ অন্তত দেখতে চায়। বিশ্বাস করুন, যদি আন্তরিক না হয়, শেখ হাসিনা আপনাকে ফিরিয়ে দেবে, অথবা শর্ত দেবে। আর এখানেই আপনার জনসমর্থন বাড়বে। তবে আমি মনে করি 'সংলাপ', 'ঘোষণা' এসব না করেও যে-কোনো সময়ের যে-কোনো মুহূর্তে যে-কোনো জায়গায় রাজনৈতিক সংকট ও পরিস্থিতি নিয়ে দুজন বসতে পারেন। এতে আনুষ্ঠানিকতার কিছু নেই।
আন্দোলনে হরতাল, জ্বালাও-পোড়াওয়ের তীব্র সমালোচনা করছি। সংলাপ প্রশ্নে আপোষহীন? হতেই পারে না। আবারও বলছি- এটি খোলা চিঠি না হয়ে বরং একটি ওয়ার্লিং এবং লাস্ট- দ্রুত সংলাপে বসুন। কোনো শর্ত নয়, আপনিই এগিয়ে যান। সরকার পক্ষ বলছে, দাওয়াত এখনও বহাল আছে। এটা অবশ্যই প্লাস পয়েন্ট। সুতরাং আর দেরি নয়। নইলে আমি কিছু করব না, আমার হয়তো সেই শক্তি নেই। কিন্তু জাতি ক্ষমা করবে না। যেমন এখনও করছে না, বারবার ক্ষমা চাওয়া সত্ত্বেও। আমি এখানে শেখ হাসিনাকে বলব না যে, এখন থেকে যত বছর ক্ষমতায় থাকবে, তত বছরের পাঁচগুণ যুক্ত হয়ে ইতিহাস তাকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলবে। সতর্ক করব না যে, তার দলের ভেতরেই সামান্য কিছু মানবতাবাদী আছেন, পরিস্থিতি বেশি জটিল হলে তারা তাকে সরিয়ে দেবে। সতর্ক করব না যে, যতই রদবদল হবে, সেনাবাহিনীর ভেতরে-বাইরের একটা অংশ ততই সচেতন হয়ে ওঠবে, যেকোনো মুহূর্তে তৃতীয় শক্তি আসতে পারে। আমি তার জন্য এখানে একটি শব্দও খরচ করব না।
অনেকে জানতে চান, আমার বিপ্লবের ফর্মূলা কী? তারা শিক্ষাব্যবস্থার পরিবর্তন চান, শাসনব্যবস্থা ও অন্যান্য অনেক বিষয়ের পরিবর্তন চান। মোটকথা সিস্টেমের পরিবর্তন চান। বিষয়টি নিয়ে পরে বলব। আপাতত সংক্ষেপে বলি, আমি উপস্থিত কোনো সিস্টেমের পরিবর্তন চাই না, শুধু চিন্তার পরিবর্তন চাই। দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন। যেটাকে আমি জ্ঞানগত বিপ্লব বলি। সিস্টেম আমার কাছে গৌণ। আগে চিন্তার ক্ষেত্রে, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ব্যবধান কমাতে হবে। সিস্টেম কোনো বিষয়ই না। পারস্পরিক শ্রদ্ধাবোধ অর্জন ও প্রদর্শন করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

