somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমুদ্রের গ্যাস রপ্তানি : কার স্বার্থ রক্ষা হবে?

১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ এজেন্সি শীর্ষ নিউজ ডটকম এবং সাময়িকী শীর্ষ কাগজে চাকরি করার কারণে লিখাটি ১২ অক্টোবর সাপ্তাহিক শীর্ষ কাগজে প্রচ্ছদ প্রতিবেদন হিসেবে প্রকাশিত হয়েছে। লিখাটি অপরিবর্তিত অবস্থায় পুনরায় উপস্থাপন করা হলো।


৮০ শতাংশ গ্যাস বিদেশে রপ্তানির সুযোগ রেখে মডেল পিএসসি-২০০৮ কার স্বার্থ রক্ষা করবে? তেল-গ্যাসের মালিককে কে? বহুজাতিক নাকি দেশের জনগণ? বিষয়গুলো নিয়ে দেশব্যাপী আবারো বিতর্কের উন্মেষ হয়েছে। মূলত গত ২৪ আগস্ট অর্থনীতি সংক্রান্ত মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লককে মার্কিন কোম্পানি কনোকো ফিলিপস এবং অগভীর সমুদ্রের ৫ নম্বর ব্লক ব্রিটিশ-আইরিশ কোম্পানি টাল্লোর নিকট ইজারা দেয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে গ্যাস ইজারা দান প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিদান এবং ইতিপূর্বে টাল্লোর সাথে পেট্রোবাংলার বৈঠকে বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনের প্রক্রিয়াও অনেকদূর অগ্রসর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ অক্টোবর অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বলেন- "গ্যাস উত্তোলনে যত বাধাই আসুক, দেশের উন্নয়নে সরকার যা করা দরকার তা-ই করবে।"

কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণা এবং মডেল পিএসসি-২০০৮ মোতাবেক ৮০ শতাংশ গ্যাস বিদেশে রপ্তানির বিধানকে প্রত্যাখ্যান করেছে দেশীয় বিশেষজ্ঞ মহল ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সম্পদ রক্ষা কমিটির উদ্যোগে এই ইস্যুকে কেন্দ্র করে মহাজোট শাসনামলে ১৪ সেপ্টেম্বর ঢাকা শহরে প্রথমবারের মত অর্ধদিবস হরতালও পালিত হয়েছে। বিশেষজ্ঞ মহল এবং আন্দোলনকারীদের বক্তব্য হচ্ছে, উত্তোলিত বাজারজাত গ্যাসের ৮০% দেশের বাইরে রপ্তানির বিধান এবং উৎপাদিত গ্যাসের ৮০ শতাংশ মালিকানা বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে রেখে সম্পাদিত এই চুক্তি কোনভাবেই জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে না। অন্যদিকে সরকারের বক্তব্য হচ্ছে, আন্দোলনকারীরা অযৌক্তিক কর্মসূচির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। সরকার কোনরকম গ্যাস রপ্তানি করবে না। বাংলাদেশ সরকার যদি গ্যাস বিদেশি কোম্পানির নিকট থেকে ক্রয় না করে তাহলে বহুজাতিক কোম্পানি দেশের বাইরে গ্যাস রপ্তানি করতে পারবে। যেহেতু বাংলাদেশে গ্যাস সংকট রয়েছে, ফলে গ্যাস রপ্তানি হওয়ার কোন সুযোগ নেই। পরস্পর বিরোধী বক্তব্যের কারণে প্রকৃত পরিস্থিতি বিষয়ে জনগণও খানিকটা বিভ্রান্ত। তাই প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখার জন্যই আমাদের এই প্রতিবেদন।

রপ্তানির অতীত কাসুন্দি

খুব বেশিদিন নয়, মাত্র ১০ থেকে ১৫ বছর আগের ঘটনা। ৯০ দশকে সংবাদপত্র, টেলিভিশন, রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে কথাটি ভালভাবেই প্রচার পেয়েছিল। দেশ নাকি গ্যাসের উপর ভাসছে! চাহিদার তুলনায় পরিমাণ অনেক বেশি। ফলে এই গ্যাস বিক্রি করে বাংলাদেশ সহসা বিক্রিলব্ধ টাকা দিয়ে মধ্যপ্রাচ্যের সৌদি আরব বা কুয়েতের অনুরূপ ধনী রাষ্ট্রে পরিণত হবে। বিশেষ করে মডেল পিএসসি ১৯৯৭ অনুমোদিত হওয়ার পরপরই শুরু হয় গ্যাস রপ্তানির তোড়জোড়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং উন্নত বিশ্বের বিভিন্ন কর্তাব্যক্তি বাংলাদেশকে গ্যাস রপ্তানির জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। ঐ সময় আমেরিকান দূতাবাস, ব্রিটিশ হাইকমিশনার, ভারতীয় দূতাবাস, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক মহল গ্যাস রপ্তানির পক্ষে প্রচারণা গড়ে তুলে। সে সময় বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেল গ্যাস রপ্তানির পক্ষে যুক্তি উপস্থাপন করে তৎকালীন প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছিল। যুক্তি উপস্থাপনের ভাষাটি ছিল- "মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের উপর দিয়ে যখন উড়ে যাই তখন বাংলাদেশের বেশির ভাগ অঞ্চল অন্ধকার দেখি। কিন্তু আপনি যদি গ্যাস রপ্তানিতে সম্মত হন, তাহলে সেদিন আর বেশি দূরে নয়- যখন বাংলাদেশ পুরো আলোকোজ্জ্বল হয়ে উঠবে।" অর্থাৎ বহুজাতিক কোম্পানি শেলের যুক্তি ছিল গ্যাস রপ্তানি করলে বিদ্যুৎ বাড়বে। সে সময় যদি গ্যাস রপ্তানি হত তাহলে বর্তমানে যা বিদ্যুৎ সংকট তা দ্বিগুণ আকার ধারণ করত।

আমরা বিগত সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত গ্যাস উৎপাদন এবং খরচের চাহিদা দেখলেই এই বিষয়ে যথাযথ চিত্র পরিষ্কার হয়। ১৯৯৭ সালে বাৎসরিক মোট উৎপাদিত গ্যাসের পরিমাণ ছিল ২৬১ বিসিএফ। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৫৪ বিসিএফ। এই বছর জুলাই মাসে গ্যাস উৎপাদনের মোট মতা ছিল ১৯৪৫ মিলিয়ন ঘনফুট। সে তুলনায় গ্যাসের দৈনিক চাহিদা ছিল ২১৮০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ দৈনিক মোট রেজিস্টার্ড ঘাটতি ছিল ২৩৫ মিলিয়ন ঘনফুট, যা মোট উৎপাদন মতার অতিরিক্ত ১২ শতাংশ। আজ থেকে ৬ বছর পর অর্থাৎ ২০১৫ সালে যখন সমুদ্র বক্ষে গ্যাস আবিষ্কৃত হবে- তখন দেশে গ্যাসের দৈনিক চাহিদা হবে ৪১০০ মিলিয়ন ঘনফুট, অর্থাৎ বছরে ১৪৯৬ বিসিএফ। উপরোক্ত তথ্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে তৎকালীন গ্যাস রপ্তানির যুক্তির ভয়াবহতা। সে সময় সরকারসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা ম.তামিম, তৌফিক এলাহিরাসহ (বর্তমান সময়েও তারা একই অবস্থান গ্রহণ করেছে) আরো অনেকে ৩ টিসিএফ গ্যাস রপ্তানির পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে সচেতন মহল এবং তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ধারাবাহিক আন্দোলনের কারণে সরকার এই উদ্যোগ থেকে পিছু হঠে। বিশেষ করে ২০০১ সালে ৬ থেকে ১৩ মার্চ গ্যাস রপ্তানির বিরুদ্ধে ঢাকা থেকে বিবিয়ানা লংমার্চ ছিল সে সময় দেশব্যাপী বহুল আলোচিত কর্মসূচি। বৃহত্তর আন্দোলনের মাধ্যমে গণদাবির পরিপ্রেক্ষিতে সরকার গ্যাস রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়।

ইজারা প্রক্রিয়া

গভীর সমুদ্রের গ্যাস ব্লক ইজারা দেয়ার কার্যক্রম শুরু হয় সেনাবাহিনী সমর্থিত ফখরুদ্দীন নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকেই। ২০০৬ সালের ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর পেট্রোবাংলা সমুদ্রাঞ্চলে পিএসসি পরিচালনা করার উদ্যোগ নিলে সংবাদ মাধ্যমে প্রতিবাদ হয়। বিশেষজ্ঞ মহল দাবি করে, দেশের নির্বাচিত সরকার কর্তৃক দীর্ঘমেয়াদের ভিত্তিতে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব¡ পালন করা উচিত। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রথম বছর (২০০৮-জানুয়ারি) তপন চৌধুরী জ্বালানি উপদেষ্টা হিসেবে কর্মরত থাকা অবস্থায় সমুদ্রাঞ্চলের পিএসসি চুক্তি নিয়ে তেমন কোন অগ্রগতি পরিলক্ষতি হয়নি। তপন চৌধুরীর পদত্যাগের পর ম. তামিম স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। তখন গ্যাস রপ্তানির বিধান রেখে নতুনভাবে পিএসসি সম্পাদনের উদ্যোগ শুরু হয়। কারণ, অতীতে ম. তামিম গ্যাস রপ্তানির পক্ষে একাধিকবার অবস্থান নেন। এরই ধারাবাহকিতায় ৫ ফেব্রুয়ারি '০৮ মডেল পিএসসি ২০০৮ উপদেষ্টা পরিষদে অনুমোদনের কাজ সম্পন্ন করে। তার অংশ হিসেবে সরকার ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এই দরপত্রে যুক্তরাষ্ট্র ভিত্তিক কনোকো ফিলিপস, অস্ট্রেলিয়ার স্যান্টোস, চীনের সিনোক, আয়ারল্যান্ডভিত্তিক টাল্লো এবং কোরীয় ন্যাশনাল অয়েল কর্পোরেশনসহ সাতটি কোম্পানি ১৫ টি ব্লকে অনুসন্ধানের প্রস্তাব দেয়। বিশেষজ্ঞ কমিটির এসব দরপত্র যাচাই বাছাই করে একই বছর জুলাই মাসে দু'টি কোম্পানিকে নয়টি ব্লকরে জন্য যোগ্য ঘোষণা করে। কোম্পানিগুলোর মধ্যে কনোকো ফিলিপস গভীর সমুদ্রের ১০, ১১, ১২, ১৫, ১৬, ১৭, ২০ ও ২১ এই আটটি ব্লক এবং টাল্লো অগভীর সমুদ্রের ৫ নম্বর ব্লকরে জন্য যোগ্য বিবেচিত হয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জনগণের প্রতিরোধ আন্দোলনের ভয়ে চূড়ান্ত চুক্তি থেকে পিছু হঠলেও জনগণের বিপুল ভোটে নির্বাচিত মহাজোট সরকার ইতিমধ্যে সংশোধিত পিএসসি মডেল ২০০৮ অনুসারে চুক্তি সম্পাদনের জন্য কনোকো ফিলিপস এবং টাল্লোর প্রায় সমস্ত কাজ সম্পন্ন করে ফেলেছে।

মডেল পিএসসি ২০০৮-এ রপ্তানি সম্পর্কিত বক্তব্য

সংবিধানের ১৪৩ ধারার অঙ্গীকার অনুসারে ১৯৭৪ সালে পেট্রোলিয়াম অ্যাক্ট পাস করা হয়েছে। ওই অ্যাক্ট অনুসারে মডেল পিএসসি ২০০৮ অনুমোদন করা হয়। মডেল পিএসসি ২০০৮-এ ৩৫ টি অনুচ্ছেদ রয়েছে। ১৫ নম্বর অনুচ্ছেদে মোট আটটি উপ-অনুচ্ছেদ আছে। এর মধ্যে ১৫.১ থেকে ১৫.৪ পেট্রোলিয়াম অপারেশন ও উৎপাদন সংশ্লিষ্ট, ১৫.৫ এলএনজি রপ্তানি সংশ্লিষ্ট, ১৫.৬ স্থানীয়ভাবে গ্যাস ব্যবহার সংশ্লিষ্ট, ১৫.৭ এবং ১৫.৮ উৎপাদিত গ্যাসের মূল্য সংশ্লিষ্ট। মডেল পিএসসি ২০০৮-এর ধারাক্রম উপস্থাপনার ধরন অনুসারে বিশ্লেষণ করলে সুস্পষ্ট হয়, উৎপাদিত গ্যাস প্রথমে এলএনজি হিসেবে রপ্তানি (১৫.৫) এবং পরে স্থানীয় ব্যবহারের জন্য (১৫.৬) বিবেচনা করা হবে।
১৫.৫.৪ ধারায় বলা হয়েছে, যদি পেট্রোবাংলা স্থানীয় চাহিদা মেটাতে প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা (পাইপ লাইন) স্থাপন করতে পারবে, তবে পেট্রোবাংলা তার অংশের লাভের গ্যাস রাখার অধিকার পাবে। তবে তা কোনভাবেই মোট বাজারজাত যোগ্য গ্যাসের ২০ শতাংশের বেশি হবে না। কেননা বাকি ৮০ শতাংশ গ্যাসের মালিকানার নিয়ন্ত্রণ বহুজাতিকের। ১৫.৬ (সি) অনুসারে, ইজারা নেয়া প্রতিষ্ঠান তার প্রাপ্য অংশের গ্যাস প্রথমত পেট্রোবাংলার কাছে বিক্রির প্রস্তাব দেবে। পেট্রোবাংলা যদি ক্রয় করতে অস্বীকার করে তখন তারা সে গ্যাস দেশের অভ্যন্তরে তৃতীয় কোন পক্ষকে বিক্রি করতে পারবে। যদি দেশের অভ্যন্তরে তৃতীয় কোন পক্ষ পাওয়া না যায়, তাহলে ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠান গ্যাস এলএনজি প্রক্রিয়াকরণের মাধ্যমে বহির্বিশ্বে রপ্তানি করতে পারবে। এই ধারার মাধ্যমে সরকার আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করলেও কোনভাবেই সম্পদ রক্ষা কমিটি সন্তুষ্ট না। আর তাছাড়া তাদের একাধিক প্রকাশনায় অসম পিএসসি চুক্তির পাশাপাশি গ্যাস রপ্তানির ন্যূনতম বিধান রাখার জোর বিরোধীতা করা হয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে সরকারের একাধিক কর্তাব্যক্তি গ্যাস রপ্তানি না করার বিষয়ে ঘোষণা দিয়েছেন। দৃশ্যত সরকারি ঘোষণা এবং বিচ্ছিন্নভাবে চুক্তির কয়েকটা অধ্যায় পড়লে আপাততঃ মনে হতে পারে গ্যাস রপ্তানির চিন্তা অমূলক। তাহলে যে প্রশ্নটা আন্দোলনকারীরা সামনে নিয়ে এসেছে, রপ্তানির বিরুদ্ধে সরকারের অবস্থান যদি এতই শক্ত হয়, তা হলে ক্ষুদ্রভাবে কোন কারণ ছাড়া লিপিবদ্ধ রপ্তানির বিধান কেটে দিলেই তো হয়। এখানেই এসেই যত ঝামেলা। সরকার কোনভাবেই এই ক্ষুদ্র অপ্রয়োজনীয় বিধান বাদ দেবে না। ফলে সন্দেহটা আরো ঘনীভূত হয়।

চুক্তির অভ্যন্তরে দেশের স্বার্থ কতটুকু রক্ষিত?

পিএসসি'র ১৪.৩ ধারা অনুসারে কোম্পানিটি বছরে পুরো উত্তোলিত গ্যাসের সর্বোচ্চ ৫৫% পর্যন্ত কস্ট রিকভারি গ্যাস হিসেবে ঘোষণা করতে পারবে। বাকি ৪৫% গ্যাস হলো প্রফিট গ্যাস যা আবার কোম্পানি এবং পেট্রোবাংলার মাঝে সুনির্দিষ্ট চুক্তি অনুয়ায়ী দুভাগে বিভক্ত হবে। মডেল পিএসএসি ২০০৮-এর আর্টিক্যাল ১৪.৪ অনুসারে কস্ট রিকভারির খাত সমূহ হলোঃ ১.পরিচালন ব্যয় বা অপারেটিং কস্ট ২.ক্যাপিট্যাল এক্সপেনডিচার বা খনি উন্নয়নের জন্য কোম্পানিটিকে যে সময়, শ্রম ও পুঁজি বিনিয়োগ করতে হয়েছে তার খরচ, ৩. অনুসন্ধান বা এক্সপ্লোরেশনের জন্য যাবতীয় খরচ।

পেট্রোলিয়াম অপারেশন ও প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণের জন্য প্রয়োজনীয় গ্যাসটুকু বাদ দিয়ে সম্পূর্ণ উত্তোলিত গ্যাসকেই বাজারজাতযোগ্য বা মার্কেটেবল গ্যাস বলা হয়েছে। সে হিসেবে ১০০ ভাগ গ্যাসকেই বাজারজাত যোগ্য বলা হয়েছে। বাজারজাত যোগ্য গ্যাস হলো- ১. ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠানের কস্ট রিকভারি গ্যাস ২. ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রফিট বা লাভের গ্যাস ৩. পেট্রোবাংলার লাভের গ্যাস।

এবার পেট্রোবাংলার লাভের হিস্যা নিয়ে আলোচনা করা যাক। বাজারজাত যোগ্য গ্যাসের ৮০% পাবে বিদেশি বহিরাগত কোম্পানি। আর বাকি ২০% প্রাপ্ত হবে পেট্রোবাংলা। প্রথমেই যে বিষয়টি পরিষ্কার করা দরকার তা হচ্ছে, কস্ট রিকভারির ৫৫% এর অংশে পেট্রোবাংলার লাভের কোন হিস্যা নেই। উল্লেখ্য, ইতিপূর্বে সম্পাদিত অক্সিডেন্টাল, শেল বা কেয়ার্নের সাথে যে সব চুক্তি সম্পাদিত হয়েছিল তার কোনটাতেই কস্ট রিকভারি সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। কস্ট রিকভারির প্রাথমিক হিসাব দাখিল করার পর পরবর্তীতে অধিকাংশ কোম্পানি প্রাথমিক হিসেবের ৪-৫ গুণ বর্ধিত হিসাব দাখিলেরও একাধিক প্রমাণ রয়েছে। তাছাড়া প্রকৃত কস্ট রিকভারি কত তা সবসময় ধোঁয়াশাচ্ছন্নই রয়ে গেছে। ফলে এতে বিষয়টি পরিষ্কার যে, বহুজাতিক কোম্পানি ৫৫% পুরোটাই আগের চিত্র অনুযায়ী কস্ট রিকভারি হিসেবে দাখিল করবে।

এবার আসা যাক, পেট্রোবাংলার প্রাপ্তির হিসেব-নিকেশ বিষয়ে। মডেল পিএসসি ২০০৮-এর ১৫.৫.৪ ধারা অনুযায়ী, পেট্রোবাংলার যদি গ্যাস পরিবহনের ব্যবস্থা এবং উত্তোলিত গ্যাস যদি ব্যবহারের ক্ষমতা থাকে, তাহলে তার প্রফিট গ্যাসের অধিকার বুঝিয়ে দেয়া হবে। কিন্তু তা চুক্তি অনুযায়ী মোট বাজারজাত যোগ্য গ্যাসের কোনভাবেই ২০% এর বেশি হবে না। তবে ১১ বছরের পরে বহুজাতিক কোম্পানি যদি রাজি হয়, পেট্রোবাংলা ৩০% গ্যাস দাবি করতে পারবে। এখানে যে বিষয়টি লক্ষণীয়, তা হচ্ছে পেট্রোবাংলা প্রফিট গ্যাসের কতটুকু পাবে তা পিএসসি'র কোথাও সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। কারণ, চুক্তির বক্তব্য মোতাবেক, বাংলাদেশ সর্বমোট বাজারজাত গ্যাসের ২০% পাবে। যদি কথার কথা হিসেবে, প্রফিট গ্যাসের ২০% পায়, তাহলে মোট গ্যাসের ৯% বাংলাদেশ প্রাপ্য হবে। তবে শেষ পর্যন্ত আদৌ এই ক্ষুদ্র পরিমাণ গ্যাস বাংলাদেশ পাবে কিনা তাতেও সন্দেহ আছে। কারণ, চুক্তি পড়লে মনে হয়, গ্যাস সম্পদ বাংলাদেশের নয়, পুরো সম্পদের একচ্ছত্র মালিকানা যেন বহুজাতিক কোম্পানি।

আরো কিছু বিষয় এখানে গুরুত্বপূর্ণ। আর্টিক্যাল ১৯.১ ধারা হিসেবে, ইজারা প্রাপ্ত বহুজাতিক কোম্পানি তেল-গ্যাস অনুসন্ধান, উত্তোলনসহ সরবরাহের জন্য শুল্ক মুক্তভাবে যন্ত্রপাতি ও পণ্যাদি বহির্বিশ্ব থেকে আমদানি করতে পারবে। চুক্তি অনুসারে, স্থায়ীভাবে আমদানিকৃত যন্ত্রপাতি, ড্রিলিং, লগিং, সিমেন্টিং, টিউবিং ইত্যাদি কাজে ব্যবহারের জন্য আমদানিকৃত সকল দ্রব্য ও যন্ত্রপাতি, খনির কাজে ব্যবহৃত জিপ ও পিক-আপসহ আরো অন্যান্য যন্ত্রপাতি কোন রকম শুল্ক ছাড়া বহুজাতিক কোম্পানি আমদানি করতে পারবে। অন্যদিকে গ্যাস স্থাপনায় যদি কোন রকম দুর্ঘটনার মাধ্যমে গ্যাস সম্পদ, পরিবেশ, জানমালের প্রভূত তি হয়, তার ক্ষতিপূরণ দাবি করার অধিকার বাংলাদেশের থাকবে না। কারণ, মডেল পিএসসি ২০০৮ এর কোথাও দুর্ঘটনা বাবদ ক্ষতিপূরণ আদায়ের বিধানের উল্লেখ নেই।

চুক্তি অনুসারে গ্যাস রপ্তানি বাংলাদেশ ঠেকাতে পারবে না

চুক্তি অনুসারে বাংলাদেশ গ্যাস ব্যবহারের প্রথম দাবিদার, উপরি অর্থে এটা হয়তো ঠিক, কিন্তু এই দাবিকে বাস্তবায়ন করার জন্য আরো দুটি শর্ত বিদ্যমান রয়েছে। প্রথম শর্ত হচ্ছে, আবিষ্কৃত গ্যাস পরিবহন করার কাঠামো বাংলাদেশকে স্থাপন করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে, পেট্রোবাংলাকে সেই পরিমাণ গ্যাস ব্যবহারের সামর্থ্য থাকতে হবে। গভীর সমুদ্র থেকে বিভিন্ন পদ্ধতিতেই পাইপ লাইন স্থাপন করা যায়। যেমনঃ lay barge, Reel barge, Bottom tow/Pull ইত্যাদি। পদ্ধতিভেদে, সাগরের গভীরতা ও পাইপ লাইনের ডায়ামিটার, মেটেরিয়াল ইত্যাদি তারতম্য অনুসারে মোটামুটি প্রতি মাইল পাইপ লাইন স্থাপন করার খরচ হতে পারে ১ থেকে ২ মিলিয়ন ডলার। এখন স্থল ভাগ থেকে ২০০ মাইল দূরের গভীর সমুদ্রে যে ব্লক থেকে গ্যাস তোলা হবে তার জন্য পাইপ লাইন স্থাপনে খরচ হবে ২০০ থেকে ৪০০ মিলিয়ন ডলার। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এত টাকা খরচের মাধ্যমে পাইপ লাইন বসিয়ে গ্যাস স্থলভাগে নিয়ে আসবে কিনা? এ বিষয়ে শংকা কাজ করার পিছনে শক্তিশালী যুক্তিও বিরাজমান। ১৯৭৪ সালে অগভীর সমুদ্র অঞ্চল কুতুবদিয়ায় গ্যাস আবিষ্কৃত হয়। বর্তমান সংকট পরিস্থিতিতেও পেট্রোবাংলা পাইপ লাইন স্থাপন করে স্থলভাগে গ্যাস নিয়ে এসে তা ব্যবহার করতে সম হয়নি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আজ থেকে ৫/৬ বছর পর গভীর সমুদ্র থেকে পাইপ লাইনে গ্যাস নিয়ে আসার প্রক্রিয়া কি আদৌ সম্ভব হবে সরকার এবং পেট্রোবাংলার পক্ষে?
দেশীয় তেল-গ্যাস বিশেষজ্ঞরা এই বিষয়ে ইতিমধ্যে নানা শংকা প্রকাশ করেছেন। একাংশের মতামত হচ্ছে, অদূর ভবিষ্যতে গভীর সমুদ্রে এলএনজি প্ল্যান্ট (লিকুফাইড ন্যাচারাল গ্যাস) স্থাপন করার মাধ্যমে সরাসরি এই গ্যাস বহির্বিশ্বে রপ্তানি হয়ে যেতে পারে। কেননা পাইপ লাইন স্থাপন করার মাধ্যমে বাংলাদেশের স্থলভাগে গ্যাস নিয়ে আসাটা অনেক বেশি ব্যয়বহুল। কারণ, চুক্তি মোতাবেক পাইপ লাইন স্থাপনের পুরো ব্যয় বাংলাদেশকে বহন করতে হবে। আবার এলএনজি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বড় বড় ভেসেল দিয়ে বাংলাদেশের অগভীর সমুদ্র বন্দর চট্টগ্রামে নিয়ে আসা সম্ভব নয়। কারণ, চট্টগ্রাম বন্দরে ১৮৩ মিটারের অধিক বড় ভেসেল প্রবেশ করতে পারে না। ফলে মহেশখালী চ্যানেলে ভেসেল পরিবর্তনের মাধ্যমে গ্যাসের পরিবহন খরচ অনেক বেশি হয়ে যায়।
আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, ভারত ও মায়ানমারের সাথে ৫টি ব্লকের বিতর্কিত সমুদ্র সীমা বাদ দিয়ে বাদবাকি ২৩ টি ব্লকের ইজারা দান প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। হয়তো আগামী ২/১ বছরের মধ্যে সমস্ত ব্লকের ইজারা প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এখান থেকে তেল-গ্যাস অনুসন্ধান, আবিষ্কার এবং উত্তোলন প্রক্রিয়া শুরু হতে সম্ভাব্য সময় ভাবা হচ্ছে ২০১৫ থেকে ১৬ সাল। এখন প্রশ্ন হচ্ছে ২৩ বা ২৮ টি ব্লক থেকে ১৩ ব্লকেও যদি গ্যাস আবিষ্কার এবং উত্তোলনের কাজ আরম্ভ হয় তাহলে এই গ্যাস সম্পদ ব্যবহারের ক্ষমতা বাংলাদেশের আছে কি না? বৈজ্ঞানিক নীতি অনুসারে একটি গ্যাস ক্ষেত্র থেকে প্রতি বছর মোট সংগ্রহের পরিমাণ থেকে সর্বোচ্চ ৭.৫% উত্তোলন করা সম্ভব। সেই হিসেবে প্রতিটি ব্লক থেকে বহুজাতিক কোম্পানি গ্যাস উত্তোলন করবে ১৩ বছর। এর বেশি সময় কোনভাবেই সে নেবে না। কারণ, যত দ্রুত মুনাফা তোলা যায়, সে চেষ্টাই বহুজাতিক কোম্পানি করবে। এখন প্রশ্ন হল সম্ভাব্য ১৩ বা তারও বেশি ব্লক থেকে যে গ্যাস উত্তোলিত হবে তা ব্যবহারের সামর্থ্য বাংলাদেশের আছে কি না? দেশের শিল্প-কলকারখানার যা হাল অথবা এ সংক্রান্ত বিষয়ে সরকারি যে পরিকল্পনা সে অনুযায়ী কোনভাবেই এই বিপুল পরিমাণ গ্যাস বাংলাদেশ ব্যবহার করতে পারবে না। তাছাড়া পর্যায়ক্রমে গ্যাস ক্ষেত্র লিজ দেয়ার বিষয়ে সরকারের সুনির্দিষ্ট কোন ভাবনা নেই। ফলে বাংলাদেশ কোনভাবেই গ্যাস রপ্তানি ঠেকাতে পারবে না। কারণ, চুক্তির অভ্যন্তরে সুস্পষ্টভাবে লিখা আছে, সরকার এবং দেশের অভ্যন্তরে কোন বেসরকারি প্রতিষ্ঠান না কিনলে উত্তোলিত গ্যাসকে এলএনজি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিদেশে রপ্তানিতে কোনভাবেই বাধা দেয়া যাবে না।

রপ্তানি সম্পর্কে বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে, গভীর সমুদ্রে যদি বড় রকমের কোন গ্যাসের মজুত পাওয়া যায়, তাহলে হয়তো সেখানে এলএনজি প্ল্যান্ট স্থাপন করে সরাসরি বিদেশে গ্যাস রপ্তানি হয়ে যেতে পারে। আরেকটি ভিন্ন অভিমতও এখানে গুরুত্বপূর্ণ, যদি পাইপ লাইন দিয়ে গ্যাস অনশোর বা স্থলভাগে নিয়ে আসাও হয়, তাহলে দেখা যাবে বিভিন্ন ব্লক থেকে একাধিক পাইপলাইন স্থলভাগে এসে একটি অভিন্ন এলএনজি প্ল্যান্টে মিলিত হবে। বহুজাতিকের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে এল.এন.জি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে গ্যাস বাইরে রপ্তানি হবে।



বাংলাদেশের ভবিষ্যৎ চাহিদা

সরকারের জ্বালানি নীতির সূত্র ধরে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির এক প্রচারপত্রে বলা হয়েছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার যদি ৩% হয়, আগামী ৫০ বছরে আমাদের প্রায় ৪০ টিসিএফ গ্যাস লাগবে যদি ৬% হয় তাহলে আরো ১০০ টিসিএফ গ্যাস লাগবে এবং যদি ৭% হয় তাহলে লাগবে ১৫০ টিসিএফ গ্যাস। এই যখন অবস্থা, তখন আমাদের জ্বালানি নীতির অবস্থা কি? হয়তো এই পরিমাণ গ্যাস না পাওয়ার আশংকাই বেশি, অথবা যা পাওয়া যাক না কেন আগামী ২০৪৯ সাল পর্যন্ত গোটা বিশ্ব জীবাশ্ম জ্বালানির উপর পুরোপুরি নির্ভরশীল। বিশেষজ্ঞদের ধারণা, ২০৪৯ সালের পর স্বল্প খরচে জীবাশ্ম জ্বালানির বিকল্প হয়তো আবিষ্কার হতে পারে। কোন রকম ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার ভাবনা না রেখেই যদি এভাবে দ্রুত সময়ে তেল-গ্যাস উত্তোলন এবং রপ্তানির বিধান রাখা হয়, তাহলে নিকট ভবিষ্যতে বাংলাদেশ ব্যাপক জ্বালানি সংকটের মুখোমুখি হবে। গ্যাস উত্তোলনের বিষয়ে মডেল পিএসসি ২০০৮-এর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। এক বছরে গ্যাস উত্তোলনের সর্বোচ্চ সীমা বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী ৭.৫% হলেও সমুদ্র বক্ষে তা ঢিলেঢালা রাখা হয়েছে। ফলে কোম্পানি চাইলে দ্রুত সমস্ত গ্যাস তুলে ফেলতে পারবে। এর মধ্যেই বাংলাদেশ এই বিষয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। পিএসসি'র আওতায় প্রথম কর্মকাণ্ড শুরু করা ব্রিটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জি সাঙ্গু গ্যাস স্থাপনা থেকে দ্রুত ব্যয় তুলে নেয়ার আকাঙ্খায় গ্যাস উৎপাদনের দৈনিক সর্বোচ্চ সীমা ১৬০ মিলিয়ন ঘনফুটকে অমান্য করে ২০০৬ সাল পর্যন্ত দৈনিক ১৮০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করতে গিয়ে মাত্র ১০ বছরে গ্যাস ত্রেটিকে পরিত্যক্ত করে ফেলেছে। সমুদ্র বক্ষরে গ্যাস ব্লকও হয়তো ভবিষ্যতে একই পরিণতি বরণ করবে।

বাপেক্স এবং বিদেশী কোম্পানির স্বরূপ

সরকারের পক্ষ থেকে যুক্তি উত্থাপন করা হচ্ছে, পিএসসি'তে বিদেশি নিয়ন্ত্রণে ৮০%ও দেশীয় অংশ মাত্র ২০% এবং গ্যাস রপ্তানির বিধান না রাখলে দেশে বিদেশি বিনিয়োগ কখনোই আসবে না। কারণ, পেট্রোবাংলার গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের ক্ষমতা নাই এবং এই কাজে যে পরিমাণ টাকা পয়সার দরকার তাও বাংলাদেশের নেই। অথচ পরিসংখ্যানিক চিত্র ভিন্ন। বিদেশি কোম্পানিগুলো এই পর্যন্ত তেল-গ্যাস উত্তোলনের যে সাফল্য তার থেকে বেশি সাফল্য প্রমাণ করেছে আমাদের দেশি কোম্পানিসমূহ। ১৯৮৯ সালে বাপেক্স সৃষ্টি হলেও এই প্রতিষ্ঠানটি পাকিস্তান আমলের ওজিডিসি এবং বাংলাদেশের পেট্রোবাংলার উত্তরসূরি। সূচনা লগ্ন থেকে ওজিডিসি, পেট্রোবাংলা এবং বাপেক্স ১৮ টি অনুসন্ধান কূপ খনন করে ৮ টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে। এই হিসেবে আনুপাতিক সাফল্যের হার ২.২৫:১। যা এ অঞ্চলে কর্মরত বিদেশী বহুজাতিক কোম্পানির সাফল্যের চেয়ে ভালো । কারণ, ১৯০৮ সাল থেকে বিদেশি কোম্পানি এখানে অনুসন্ধান কূপ খনন করেছে ৭৫ টি। তন্মধ্যে গ্যাস আবিষ্কার হয়েছে ২৫ টিতে। এই হিসাবে, আনুপাতিক সাফল্যের হার হচ্ছে ৩:১। এরপরও যদি যদি দেশীয় কোম্পানির বিরুদ্ধে যুক্তি দেয়া হয়, তাহলে ভেনিজুয়েলার রাষ্ট্রীয় কোম্পানি পিডিভিএসএ বা সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত্বধীন কোম্পানি সৌদি আর্মাকো বা মালয়েশিয়ার পেট্রোনাসের উদাহরণ নিয়ে আসা যায়। কারণ, এসব কোম্পানি শুরু থেকেই দক্ষতা অর্জন করেনি। ধীরে ধীরে দক্ষতা অর্জনের মাধ্যমে বর্তমানে পৃথিবীর শীর্ষস্থানীয় কোম্পানিতে পরিণত হয়েছে। অথচ বাংলাদেশের বাপেক্স আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করার পরও তাকে আধুনিকায়ন করার কোন সরকারি উদ্যোগ নিতে দেখা যায় না। এ বিষয়ে একটি উদাহরণই যথেষ্ট। বাপেক্সের ৩টি রিগ জীর্ণশীর্ণ হয়ে যাওয়ার কারণে ১৯৯৮ সালে একটি নতুন রিগ ক্রয়ের জন্য বাপেক্স বোর্ড কর্তৃক অনুমোদনের পরও সরকারি উদাসীনতার কারণে আজও তা ক্রয় সম্ভব হয়নি।

ইতিমধ্যে বিদেশি কোম্পানির সাফল্যের পরিসংখ্যানিক রিপোর্ট দেখানো হয়েছে। কিন্তু বিদেশিদের কাহিনী কথন এখানেই শেষ নয়। বিদেশি কোম্পানি অক্সিডেন্টাল কর্তৃক মাগুরছড়া গ্যাস স্থাপনায় ১৯৯৭ সালের ১৪ জুন দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনার কারণে এখানকার জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি সাধিত হয়। মাগুরছড়া গ্যাস স্থাপনায় মজুদের পরিমাণ ছিল প্রায় ১ টিসিএফ গ্যাস। ৫ কিলোমিটার এলাকা জুড়ে এই গ্যাস কূপের আয়তন বিস্তৃত ছিল। বিশেষজ্ঞদের মতে এই কূপ থেকে প্রায় ৫০ বছর গ্যাস আহরণ করা সম্ভব ছিল। পরিবেশসহ সামগ্রিক ক্ষতির পরিমাণ প্রায় ২০ হাজার কোটি টাকা এই দুর্ঘটনার কারণে ছাড়িয়ে গেছে।

বাংলাদেশের গ্যাস স্থাপনায় দ্বিতীয় বৃহৎ দুর্ঘটনা ঘটায় কানাডীয় কোম্পানি নাইকো। টেংরাটিলা গ্যাস ফিল্ডে নাইকো কর্তৃক ২০০৫'র ৭ জানুয়ারি এবং ২৪ জুন দুই দফায় বিস্পোরণ সংঘঠিত হয়। দুই দফা বিস্পোরণের কারণে বিশেষজ্ঞ রিপোর্টে ৪ বিসিএফ গ্যাস নষ্ট হয়ে যায় বলে অভিমত প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ অর্থনীতি সমিতি টেংরাটিলা গ্যাস ফিল্ডে পরিবেশ, জীববৈচিত্র্য এবং গ্যাস সম্পদসহ সবকিছু মিলিয়ে প্রায় ৬,৩৫০-১৫,২০০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে তাদের রিপোর্টে অভিমত প্রকাশ করে। অথচ দেশি কোম্পানি বাপেক্সের এই রকম কোন দুর্ঘটনার রেকর্ড নেই।

প্রয়োজন দেশপ্রেম এবং সম্পদ রক্ষার মনোভাব

পিএসসি চুক্তি এবং গ্যাস রপ্তানির বিষয়টি নিয়ে সরকারের পুনরায় সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। ইতিমধ্যে গত ২ সেপ্টেম্বর সম্পদ রক্ষা কমিটি আয়োজিত পেট্রোবাংলা ঘেরাও এবং স্মারকলিপি প্রেরণের নিমিত্তে আহুত মিছিলে পুলিশি হামলা সরকারের ভাবমূর্তিকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে। সরকার আন্দোলনকারীদের সাথে মুক্ত আলোচনার ঘোষণা দিলেও বাস্তবে তার কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। ২৪ সেপ্টেম্বর সম্পদ রক্ষা কমিটির উদ্যোগে পেট্রোবাংলার সামনে কালো পতাকা মিছিলে সংগঠনের আহ্বায়ক শেখ মুহম্মদ শহীদুল্লাহ সরকারি ঘোষণার বিপরীতে পাল্টা আলোচনার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন। ৮০ শতাংশ গ্যাসের বিদেশি মালিকানা এবং রপ্তানি বিধানের বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সোচ্চার অবস্থান নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে গত ২ অক্টোবর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সভা থেকে গ্যাস ও কয়লা রপ্তানির বিরুদ্ধে শিক্ষকরা অবস্থান নেন এবং সরকারকে ন্যূনতম ৫০ বছরের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান করেন। মডেল পিএসসি-২০০৮ এর বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সাথে শিক্ষকদের আলোচনায় বসার জন্য একটি প্যানেলও সংবাদ সম্মেলন থেকে ঘোষিত হয়। অন্যদিকে সম্পদ রক্ষা কমিটি দেশের বিভিন্ন স্থানে বিভাগীয় কনভেনশন সম্পন্ন করার মাধ্যমে আগামী ২৩ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিমধ্যে সম্পদ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ মডেল পিএসসি-২০০৮ বাতিল এবং ৮০ শতাংশ গ্যাস রপ্তানির বিধান বাতিল না করলে হরতালসহ আরো কঠোর কর্মসূচি কনভেনশন থেকে ঘোষণা করার প্রাথমিক সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। ফলে গ্যাস রপ্তানির সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে হয়তো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহসা আবারো উত্তপ্ত হয়ে উঠবে।





সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×