
প্রিয়া তুমি আজ বাইরে এসো।
এলোমেলো হয়েই এসো ,
বাসরের পরদিন সিঁদুরে লেপ্টে
থাকে কপাল, খালি পেটে,
লাল আঁচল, আলতা রাঙা পায়
পুকুরে সে লাল রং মিশেছে হায়।
প্রিয়া তুমি আমার গেলাসে এসো
রাঙা সুরা হয়ে, আরও গভীর নেশায়,
যে আলো যন্ত্রণা তৈরি করেছে মাথায়।
হাত, পা, শরীর ভরিয়ে দাও অবসাদে
বিক্ষোভ, বিক্ষিপ্ত কবিতা আর প্রতিবাদে।
প্রিয়া তুমি আমার কলমে এসো আজ,
যার কালি ফুরিয়েছে বহুদিন হলো, নিলাজ
হয়ে সে পরে আছে দেরাজে
তার ক্রন্দনরোল বাজে, বাজে,
যেন নাচ ঘরে কেবল ঘুঙুর হাসে
তাচ্ছিল্যের হাসি, ঝাড়বাতি,বিলাসে।
প্রিয়া এসো তুমি আমার ভেতরে।
রাঙা হয়ে, মিলে যাই একাকারে।
আমাকে নিঃস্ব করে দাও
এসো প্রিয়া হাতটা বাড়াও।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



