
কথা ছিল হেমন্তের বিকেলে, বেড়াতে যাব আমরা,
ইচ্ছেপাখি তোমার, ডানা মেলেছে প্রবল উচ্ছ্বাসে,
নদী কিংবা সমুদ্রজলে, ধবল সরু পা দুখানি,
ভেজাবে বলে, আলতার আলপনায় রাঙিয়েছ
গভীর মনোযোগে, শহরের প্রান্তরেখা ধরে, দূরে
কোথাও হেঁটে যাবে, ছুঁয়ে দিগন্তের মায়া,
প্রকৃতির মাঝে হয়ে যাবে আত্মলীন।
তোমার প্রস্তুতি পর্ব, সহসা সমাপ্তি হবে না দেখে
আমি শেষের কবিতার পাতা উল্টাতে থাকি, আর
তুমি খোঁপায় গুঁজে নিলে একগুচ্ছ চায়নাবেলী
সুনিপুণ দক্ষতায়, চোখে টানলে কাজল রেখা,
কপালে পূর্ণ চাঁদের নীলটিপ। তারপর,
লিপস্টিকের ব্র্যান্ড বাছাই করতে করতে,
পরখ করে নিলে, নেইলপলিসের উজ্জ্বলতা,
পায়ে পায়েল বেঁধে, দেখে নিলে দর্পণে,
কেমন বাজে তা, শাড়ির বিন্যাসে-বিন্যাসে
যত সময় ওড়ে গেল, এদিকে শেষের কবিতা শেষ।
আমি বললুম, একটু ঘুমিয়ে নিলে হতো বেশ।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


