দিনের এখন ঠিক যে ভাগ, এই সময়ের জন্যে সবচে উপযুক্ত রাগ হচ্ছে ভৈরবী (কোমল - ঋষভ, গান্ধার, ধৈবত ও নিষাদে চলন)। একদম ভোরে, সূর্য উঠছে যখন, সে সময়ের জন্যে উপযুক্ত ছিল রাগ ভায়রো/ ভৈরব। সিতারে এনায়েত খানি বা'যের মূর্ছনা ছড়িয়ে জীবদ্দশায় ভারতের সিতারের অবিসংবাদিত সেরা ছিলেন যিনি, তিনি উস্তাদ ভিলায়েৎ খাঁ সা'ব। এনায়েত খানি বা'য , বা উস্তাদ ভিলায়েৎ খাঁ সাহেবের বাবা উস্তাদ এনায়েত খাঁ সা'বের সেতার বাদনের স্টাইল , যেটা ভিলায়েৎ খাঁ সাহেবের পর এখন তাঁর ছেলে উস্তাদ সুজাত খাঁ সা'ব কন্টিনিউ করছেন বংশ পরম্পরায় , তাঁর আরেক নাম হচ্ছে গাওয়াইয়া বা'য, অর্থাৎ, সেতার বাজানোর পাশাপাশি তাঁর বন্দেশের অংশটুকু কণ্ঠে গেয়েও শোনান তারা, কখনো কখনো। সেই গাওয়াইয়া স্টাইলের একটা উদাহরণ এই অডিও ক্লিপিংস। বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের মাইহার ঘরানার সন্তান আলী আকবর খাঁ সা'ব, পণ্ডিত রবিশঙ্কর জী, বা তাঁর কন্যা আনুশকা শঙ্করের বাদন এ ধাঁচের নয়। তারা প্রায়ই সিতারের তারে ডবল স্ট্রোকের মাধ্যমে একটা ভিন্ন মূর্ছনা আনেন। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের এ এক অনন্য সাধারণ বৈশিষ্ট্য, খুব সামান্য পার্থক্যই এমন সব মাধুর্যমণ্ডিত ভিন্নতা তৈরি করে দেয় ঘরানা থেকে ঘরানায় , যা খুব সূক্ষ্ম কানে দীর্ঘদিন যাবত না শুনলে পার্থক্য করা যায় না।
উত্তর ভারতীয় ক্ল্যাসিক মিউজিক , বিবিধ ঘরানা , ঘরানার বড় বড় উস্তাদদের নিয়ে ধারাবাহিকভাবে লেখা শুরু করবো হয়তো কোন একদিন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সাথে আমার প্রত্যক্ষ সংস্পর্শ আজ ২৬ বছরের।
ভিলায়েৎ খাঁ সা'ব পারফর্ম করছেন কাবুলে, আফগানিস্তানে। এই পারফর্মেন্স আমাদের স্মরণ করিয়ে দেয় সেই কাবুলের, যা একসময় কৃষ্টি - কালচার - সাংস্কৃতিক চর্চার পীঠস্থান ছিল। খালেদ হুসাইনির উপন্যাসগুলির মুখ্য চরিত্রের শৈশবের কাবুল - হিরাট ভাসে আমাদের চোখের সামনে।
নানারকম খাপছাড়া আলাপের শেষে মূল প্রসঙ্গে আসি। এই পোস্টের উদ্দেশ্য ছিল এনায়েতখানি বা'যের এক অনন্য সাধারণ উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করা। সে বাদন, উস্তাদ ভিলায়েৎ খাঁ সাহেবের সিতারে রাগ ভৈরবী'র পরিবেশন আপনার কর্মময় সকালটিতে প্রশান্তি ছড়িয়ে দিক -
Ustad Vilayat Khan - Raga Bhairavi, Live in Kabul
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



