চিঠি পাঠিয়েছি সেই কবে, এখনো এসে পৌছায়নি প্রতিউত্তর
যায়নি বুঝি চিঠি আমার, প্রিয়ার কাছে, নীলকন্ঠীমেঘের খামে দিয়েছিলাম চিঠি
সযতনে লিখেছিলাম প্রাপক প্রেরকের নাম!
হাওয়া আমার পোষ্টমাষ্টার, ইথার আমার টিকেট।
ওদের আমি খুব করে বুঝিয়ে দিয়েছি, চিঠি যেন দ্যায় প্রিয়ার হাতে।
না জানি সে চিঠির প্রতীক্ষায় কতো প্রহর গুনছে
সালতামামীর পাতা একে একে উলটে যাচ্ছে
দিন গুনছে অনবরত; ছলছল চোখে তাকিয়ে আছে
পথের বাঁকে গাছের ছায়ায়।
এদিকে আমার সদর দরোজা খোলা রেখেছি
ডাকপিয়ন কখন আসবে তার উত্তর নিয়ে।
আমার দিনরাত চিঠির প্রতিক্ষায়।
লোকমুখে খবর নিচ্ছি কোথায় আছে সে বদমাস ডাকপিয়ন!
কোথায় গেছে আমার দরজায় কড়া না নেড়ে...
কে যেন এসে খবর দিয়ে গেলো, শহরে আজ কারফিউ
হাওয়াদের তাই চলাচলে বাঁধা! আবার কে যেন বলল
ডাকপিয়নের অসুখ হয়েছে, মনের অসুখ! তাই আসছে না সে
দিচ্ছে না আমায় খবর! ডাকপিয়ন, তুমি তো বুঝো না
আমার মনে যে তোমার অসুখ।
দোহাই ডাকপিয়ন, তোমার কাছে করজোড় করি
পৌছে দাও আমার খবর তার কাছে, কিংবা তার খবর আমার কাছে।
সংসার আমার ভেঙ্গে গেছে সেই কবে, সময়ের কষাঘাতে
পাললিক কিছু স্মৃতি জমে আছে, জমে আছে সে স্মৃতির বিরহ
ডাকপিয়ন তুমি আর কিছু না পারো, অন্তত এতোটুকু জানিয়ে
দাও, আমার সবুজ মেয়ে সবুজটিই আছে, ভালো আছে।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




