
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনার আড়ালে চলে গেছে। বিষয়টি সরকারের জন্য একই সঙ্গে কিছুটা প্যানিক এবং স্বস্তিরও কারণ হতে পারে।
একদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক অস্বস্তি তৈরি করছে, অন্যদিকে দেশের মানুষ এমন একটি ঘটনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যার সঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক সংকট, জ্বালানি সমস্যা, কর্মসংস্থান কিংবা নিত্যদিনের জীবনযাত্রার ব্যয়ের সরাসরি সম্পর্ক নেই। বিএনপি-আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে যথারীতি কথার যুদ্ধ চলছে। কে কাকে কত বড় বাঁশ দিতে পারল, সেটাই এখন প্রধান আলোচনার বিষয়।
এর মধ্যেই খবর এলো, বাংলাদেশে এসেছেন পিটার হাস। বাংলা মিডিয়া পিটার হাসের আগমন নিয়ে বেশ মুখরোচক সব গল্প পরিবেশন করছে। আওয়ামী লীগ সমর্থকদের মধ্যেও একধরনের চাপা উত্তেজনা দেখা যাচ্ছে। পিটার হাসকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্ভবত জীবনে ভুলবেন না। বাংলাদেশের রাজনীতিতে ঠান্ডা মাথায় আওয়ামী লীগকে বাঁশ দেওয়ার ক্ষেত্রে এই ব্যক্তির ভূমিকা কম ছিল না।
২০২৪ সালের ৭ই জানুয়ারির নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার যে চাপ তৈরি করা হয়েছিল, পিটার হাস ছিলেন তার দৃশ্যমান মুখগুলোর একজন। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও জানিয়ে দিয়েছিল, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। কিন্তু নির্বাচনের পরবর্তী কূটনৈতিক যোগাযোগ দেখে অনেকেই ভেবেছিলেন, পিটার হাসকে হয়তো শেখ হাসিনা শেষ পর্যন্ত সামলে ফেলেছেন। আওয়ামী লীগের অনেক সমর্থকের মধ্যেও তখন এমন একটা ধারণা তৈরি হয়েছিল যে, এতদিনের সব চাপের অবশেষে বুঝি একটা সমাধান হয়ে গেছে।
পিটার হাসকে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুরোনো কথাবার্তা মনে করলে এখনো হাসি পায়। একজন মার্কিন রাষ্ট্রদূতের নামের সঙ্গে হাঁস নামক পাখির মিল খুঁজে বের করে তাঁকে জবাই করে খাওয়ার হুমকি দেওয়া হয়েছিল। দেশের রাজনীতিতে কূটনৈতিক আলোচনার মান যে কোন পর্যায়ে যেতে পারে, তার একটি নমুনা ছিল এসব বক্তব্য। মনে হচ্ছিল, আমেরিকার রাষ্ট্রদূত নয়, এলাকার কোনো মুরগি-হাঁসের ব্যবসায়ীকে নিয়ে আলোচনা হচ্ছে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন পিটার হাসকে নিজেদের রাজনৈতিক উঠানের মানুষ মনে করে ফেলেছিলেন। অথচ লোকটি নিজের দায়িত্ব পালন করছিলেন। এখন সেই পিটার হাসই আবার বাংলাদেশে এসেছেন। সময়ের কী অদ্ভুত লীলাখেলা ! একসময় যাঁকে নিয়ে এত হাঁসফাঁস, আজ আবার শেখ হাসিনাকে নিয়ে আলাপ চলাকালে তার দেশে ফের আগমন ঘটেছে ।
একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটলেই যে দুটির মধ্যে সম্পর্ক থাকতে হবে, এমন কোনো কথা নেই। পিটার হাসের বাংলাদেশ সফর করার পেছনে আরও অন্তত দুটি বিষয় গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। প্রথমত, এক্সিলারেট এনার্জির-র কোনো ডলার পেমেন্ট আটকে আছে কি না, সেটি জানা দরকার। দ্বিতীয়ত, বাংলাদেশের নতুন এলএনজির ভাসমান টার্মিনাল নির্মাণের কাজ চীনা কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে এক্সিলারেট এনার্জির কোনো বাণিজ্যিক স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে কি না, সেটিও বিবেচনায় রাখা দরকার।
পিটার হাস এখন আর মার্কিন সরকারের কোনো সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা নন। তিনি ২০২৪ সালের ২৭শে সেপ্টেম্বর মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসর নিয়েছেন। ৩০ সেপ্টেম্বর এক্সিলারেট এনার্জি তাঁকে Strategic Adviser হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। অর্থাৎ তিনি এখন একটি বেসরকারি মার্কিন জ্বালানি কোম্পানির উপদেষ্টা। বাংলাদেশে এক্সিলারেট এনার্জির ব্যবসায়িক স্বার্থ রয়েছে।
মহেশখালীতে বাংলাদেশের দুটি বিদ্যমান ভাসমান এলএনজি টার্মিনালের একটি এই কোম্পানি পরিচালনা করে। ফলে তাঁর বর্তমান সফরকে শুধু সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সফর হিসেবে দেখলে তাঁর পেশাগত পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশটি বাদ পড়ে যায়।ঘটনাগুলোর সময়ক্রমও একটু মনে রাখা দরকার। ২০২৪ সালের অক্টোবর মাসে পিটার হাস এক্সিলারেট-এ যোগ দেওয়ার পর থেকেই বাংলাদেশে তাঁর নতুন পরিচয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
২০২৬ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। সেই প্রতিনিধিদলে এক্সিলারেট-এর প্রতিনিধিরা ছিলেন, পিটার হাসও ছিলেন। ১৩ই আগস্ট মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হয়। এরপর ৭ই সেপ্টেম্বর মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, মার্কিন কোম্পানিগুলো দ্রুততম সময়ে টার্মিনাল নির্মাণের সক্ষমতা দেখাতে পারলে তাদের প্রস্তাব সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
অর্থাৎ নতুন এলএনজি টার্মিনাল নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কোনো কমতি ছিল না। সরকারও মার্কিন কোম্পানিগুলোর আগ্রহের কথা জানত এবং তাদের সঙ্গে আলোচনা করছিল। এরপর আসে চীনের প্রস্তাব। ১২ই নভেম্বর চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান China National Energy Engineering and Construction Company-কে বাংলাদেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোও বাংলাদেশের এলএনজি অবকাঠামোয় নিজেদের অবস্থান বাড়াতে আগ্রহী। ফলে পিটার হাসের বর্তমান সফরের পেছনে এই বাণিজ্যিক বাস্তবতার কোনো ভূমিকা আছে কি না, সেটি জানার আগ্রহ তৈরি হওয়া স্বাভাবিক। বিশেষ করে এক্সিলারেট-এর বাংলাদেশে বিদ্যমান ব্যবসা, ভবিষ্যৎ বিনিয়োগ এবং নতুন টার্মিনাল নিয়ে তাদের আগ্রহ বিবেচনায় নিলে বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
কোনো একজন ব্যক্তি একসময় কারও কাছে আমেরিকার এজেন্ট, কারও কাছে গণতন্ত্রের দূত, আবার কারও কাছে হাঁসের মতো দেখতে একটি প্রাণী। পরে সেই মানুষটির পেশা বদলে গেলে, পরিচয় বদলে গেলে কিংবা ব্যবসায়িক স্বার্থ তৈরি হলে পুরোনো রাজনৈতিক হিসাবগুলো আর কেউ মনে রাখতে চায় না। পিটার হাস এখন আর রাষ্ট্রদূত নন। তাঁর সফরের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে , বাণিজ্যিক উদ্দেশ্য থাকতে পারে, আবার দুটিই থাকতে পারে। কিন্তু সেটি জানার আগেই আমাদের দেশের দুই পক্ষের সমর্থকরা নিজেদের মতো গল্প লিখে চলেছেন ।
ফটোকার্ড : গুজব অনলাইন
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


