ইচ্ছে মৃত্যু এবং নিষিদ্ধ অন্ধকার
প্রতিটি সকাল আমার ইচ্ছে মৃত্যুর মতোই সুন্দর!
সব সুন্দরের জন্য ইচ্ছে মৃত্যুকে আহ্বান জানাই
জেগে উঠো গাতক, যা আমার মধ্যেই আছে।
প্রাণ হন্তারকের হাতিয়ার হয়ে বেজে উঠো
মিশিয়ে দাও আমায় মাটির সাথে, আমার পঁচা
হাড়, পাঁজরে হউক তোমার বাগানের উর্বর হিউমাস
সারাটি বছর শরীরের গলিত রসায়নে বাগান বিলাস!
আমার একাকীত্বের সংসারে যে বাসর সাজাই
সেখানে ফুলের মালা থাকে না;
থাকে না ফুলের এতোটুকু গন্ধ,
যে বাগান বিলাসে আমার শরীরের রসায়ন মিশে আছে
যার জন্য আমার অস্তিত্ব বিলিন হয়ে গ্যাছে
সেখানে ফলেছে লাল টকটকে মাকাল ফল!
মাছি ঘিরে ধরে, কখনো বা আসে কালো ভ্রমর
গুঞ্জরণ করে চলে যায়; আমাকে আমার একাকীত্বের
বাসরে ফেলে! ধার দিয়ে যায় নিষিদ্ধ অন্ধকার।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




