হে ঈশ্বর! দাও জীবনের অমৃত সুধা
একবার হাসনাহেনা ফুটে ছিলো আমাদের বাগানে
কতো বাহারী প্রজাপতি এসেছিলো, তাদের পাখা
ভরে নিয়ে গিয়েছিলো পরাগ। সেই পরাগ যা বংশ বৃদ্ধি করে।
আমি এই খুশিতে পাড়াজুড়ে হৈ হুল্লোর করে বেড়ালাম
দশদিকে খবর পাঠিয়ে দিলাম; আবহাওয়া দপ্তরের রাডারে!
কিন্তু হায়, আবহাওয়ার পূর্বাভাস যেমন মিথ্যে হয়
তেমনি প্রজাপতিগুলো বংশবৃদ্ধিতে কোন কাজে আসেনি।
আমার প্রিয় হাসনাহেনা ধীরে ধীরে হলুদ হয়ে গেলো
শাদাফুলে একে একে কালসিটে হতে লাগলো
আমার ভালোবাসার মূলধন প্রিয় ফুল, ধীরে ধীরে
নির্জন হয়ে গেলো! এলো না আর কেউ দেখতে
আমি পরিপাটি হয়ে বসে থাকি, কখনো বা জল ঢালি,
আগাছা পরিষ্কার করি, নীলাকাশের সাথে যেন কথা কয়
প্রিয় ফুল, তাই আকাশ থেকে তাড়িয়ে দেই কালো মেঘ!
মেঘহীন আকাশকে বলে দেই, আমার প্রিয় ফুলকে দেখো!
আমার ভালোবাসার ফুল; এই ফুলের জন্য আমার সবটা
দুপুর, দিবা রাত্রি সব। তার জন্য আমার আমিকে বন্দক
রেখেছি, গিলেছি বিষের পেয়ালা। হে আকাশ তুমি
পোয়াতি হও; আমার হাসনাহেনাকে আমার মাঝে
ফিরিয়ে দাও, তোমার অশ্রুর জলে।
হে ঈশ্বর! তুমি তো দীর্ঘজীবি, তুমি আমার হেনাকে দাও
জীবনের অমৃত সুধা, আমার কাঙ্গালপনার খাতিরে...!
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




