কিছুই দেখিনা তবুও দেখি
অন্তর্যামী নই তবুও ভাবি
লোক দেখানো আচরণে কতোটা পারদর্শী
কতোটা হয়েছি মানুষ, মদের ঘোরে
পিপাসার লোভে তোমার শরীরে
কতোটা মত্ত হতে পারি, কামাতুর দৃষ্টিতে
অবলীলায় চেটেপুটে খেতে পারি
তোমাকে, মানুষ হতে পারি!
গেরুয়ায় অথবা কর্পোরেটে আমাকে
কতোটা সাজাতে পারি
সময়ের প্রয়োজনে, পাতায় পাতায় লতায় লতায়
শিরায় শিরায় কতোটা অনায়েসে ঘুরে আসতে
পারি, চেখে দেখতে পারি যোনিদেশ থেকে
রক্তাভ তোমার ঠোঁট।
বিষণ্নরাত্তির ঘিরে যখন মানুষের নীরবতা
শুনশান স্থবিরতায় যখন থেমে যায় সময়
অথবা প্রিয় হারানোর শোকে যখন চিৎকার করে ওঠে
প্রতিবেশীর বিশুদ্ধ আর্তচিৎকার
তখনো হেসে উঠতে পারি সুখী সুখী হাসি।
মানুষের সহনশীলতাকে দুর্বলতার বেড়াজালে বেঁধে
গড়ে তুলতে পারি রাজনৈতিক ক্যানভাস
একে একে শ্লোগানে আগুন প্রজ্জ্বলিত সমীকরণে
কিভাবে আষ্টেপৃষ্ঠে ভুঁইফোড় তমসাদের
বানিয়ে নিতে পারি কাগজের শিরোনাম।
অথবা নিরাবেগে দৈর্ঘ্য প্রস্থ বেঁধে দিতে পারি
স্রোতস্বিনীর পোয়াতি ঋতুকে
যার স্বপ্নে ছিলো নোনাজলের চুম্বন।
বেগতিক দেখলে বলে দিতে পারি সঙ্গম
ফৌজদারী মামলায় দণ্ডাধীন তাই
সুখের বাসনায় নদীর চলনে শিকল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



