
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯ ডিগ্রি তে নেমেছে। কিন্তু বাতাসের ঝাপটায় মনে হচ্ছে তিন ডিগ্রির কাছাকাছি ঠান্ডা। হাত মোজা ঘরে রেখে এসেছি তাই হাতে ফ্রস্ট- বাইট হচ্ছে। ঐ দূর দিয়ে সূর্যের উঁকি দেখা যাচ্ছে। কিন্তু আমার আকাশ মেঘলা। তারপরও এই নির্জন এলাকায় আমার একমাত্র সঙ্গী, কাঠবেড়ালি মহাশয়ের, দর্শনে মনটা ভরে গেল। উল্টো হয়ে ঝুলে ছিল অনেকক্ষণ। আমাকে সে চিনে। বেশ ভালই চিনে। এই কনকনে ঠান্ডায় ন্যাচারাল ফারের আবরণে দেহ আবৃত বলেই নাকি কে জানে, তার ঠান্ডা লাগে না। অথবা হতে পারে সারাক্ষণ লাফালাফির মধ্যে থাকে বলে সব সময় গরম অনুভব করে।

এই ঝাপটায় আমার জন্য বাইরে দাঁড়িয়ে থাকা দায় হয়ে যাচ্ছে। গরম ওভারকোট জড়ানো থাকলেও বাতাসের তীব্র ঝাপটায় কাঁপুনি ধরে যাচ্ছে। তবুও তাকে রেখে তো চলে যাওয়া সম্ভব না। কারণ জনমানবহীন এই নির্জন এলাকায় কারোর যেমন দর্শন পাওয়া যায় না, কারোর জন্য তো অপেক্ষাও করতে হয় না। এখানে ও-ই যে আমার একমাত্র বন্ধু।

অতঃপর গাছ থেকে নেমে কাঠবেড়ালি মহাশয় যখন রাস্তা পার হয়ে সামনের ঝোপের ভেতরে হারিয়ে গেলেন, তখন আমারও, অপেক্ষার পালার শেষ হলো।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০৩