আমি কোন ব্লগার নই। কিন্তু অনেক ইচ্ছা ছিল ব্লগার হওয়ার। হয়ত হয়েও যেতে পারতাম ব্লগার। হয়ত লিখে ফেলতে পারতাম আমার মনের জমান যত কথা যত ক্ষোভ। হয়ত লিখতাম দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে বা লিখতাম সকল অন্যায়-অবিচার, ধর্মান্ধতা-মউলবাদের বিরুদ্ধে। কিন্তু লিখা হয়ে ওঠেনি। হয়ত মহাআলোচিত বা মহাসমালোচিত কোন ব্যক্তিত্ব হয়ে উঠতাম।
অনেকবার চেষ্টা করেছি ব্লগে কিছু লেখার- কত কথা, কত ক্ষোভ চাপা পড়ে আছে মনের ভিতর! কিন্তু লেখনী আমার মধ্যে নেই। লিখতে গিয়েছি বটে, লেখা সাজিয়ে গুছিয়ে লেখার ক্ষমতা অর্জন করতে পারিনি। অখাদ্য কিছু লেখার চেয়ে না লেখাই ভালো। একই বিষয়ে লেখার জন্য অনেক মানুষ আছেন, তারাই লেখুক।
মঙ্গলবার সকালের কথা। মা কল করলেন। রিসীভ করতে ইচ্ছা করছিল না। ঘুম জড়ানো কন্ঠ শুনলেই শুরু হবে মা'র বিখ্যাত বাণীসমূহ- ৯ টা বাজে এখনো ঘুমাইতেসিস কেন? কাল রাতে কয়টায় ঘুমাইছিস? ব্লা ব্লা ব্লা। এসব কথা চিন্তা করে অনেকটা শঙ্কিত হয়েই ফোন রিসিভ করলাম। শুনলাম মা'র শঙ্কিত কণ্ঠ- “তুই কোথায়? আজকে বাসা থেকে বের হস না বাবা, হিন্দু ছেলেদের পুলিশ ধরে ধরে নিয়ে যাচ্ছে।” জামাত-শিবির হিন্দুদের ঘর-বাড়ি-মন্দির জ্বালিয়ে দিবে, পুলিশ হিন্দুদের ধরে নিয়ে যাবে, তাতে অবাক বা শঙ্কিত হওয়ার কি আছে? ৫ ফেব্রুয়ারি থেকেই মা'র সাবধানবাণী শুনে আসছি। "আমি আচ্ছা ঠিকাছে, বের হব না" বলে ফোন রেখে আবার ঘুমিয়ে পড়লাম।
আমি টিভি দেখি না। সকল খবরাখবর জানার একমাত্র মাধ্যম ফেসবুক। ঘুম থেকে উঠে ফেসবুক খুলে তব্দা খেয়ে গেলাম। আগের দিন রাত থেকে তিন ব্লগার নিখোঁজ। ডিবি নাকি ধরে নিয়ে গেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যাল্যের সুব্রত শুভ'র নাম বারবার চোখে পড়ছিল। বিকালে আমার বড় ভাই কল করে বললেন,
"খবর শুনছিস কিছু?"
"হুম শুনসি, মা বলছে সকালে"
"হ, সুব্রতরে পুলিশ ধরে নিয়ে গ্যাছে"
"সুব্রত মানে সুব্রত শুভ, মানে সুব্রত দা!!! ও মাই গড!!!!"
"হ্যাঁ, তুই ব্লগ-টগে লেখিস নাকি?"
"আরে নাহ, আমি লেখব ব্লগ? আর কাজ নাই?"
"সাবধান! সুব্রত কিন্তু ছাড়া পাওয়ার পরেও সেফ না, তারে লুকায়ে লুকায়ে থাকতে হবে, যে এখন জামাত-শিবিরের টার্গেট আর শাহবাগে যাইস না, বোমা টোমা ফুটাইতে পারে তারা"
"আচ্ছা ঠিকাছে, শাহবাগ যাব না"
সুব্রত দা হচ্ছেন আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, একই ক্লাসে পড়তেন তারা। লক্ষ্মীপুর আমাদের বাসার পাশেই উনার বাসা। উনার কথা শুনে খারাপ লাগলো। সুব্রত শুভর ফেসবুক-ব্লগ ঘাটাঘাটি করতে লাগলাম। ব্লগে উনার সবগুলো নিক আমার জানা নেই, যেগুলো খুঁজে পেলাম আর তার ফেসবুক ঘেঁটে অবাক হয়ে গেলাম। সুব্রত দা- একদম ছোট বেলা থেকে চিনি, উনি যে এমন উৎকৃষ্ট মানের লেখা লেখতে পারেন এমন ধারণা আমার কখনোই হয় নাই। হয়ত পাশের বাড়ির বড় ভাই বলেই কখনোই কোন গুরুত্ব দিইনি। এত মেধা, এত শিল্প যে তার মধ্যে লুকিয়ে ছিল সেটাও বুঝতে পারিনি। কখনো চিন্তা করিনি এই ব্লগার সুব্রত শুভ ছোটবেলায় আমাদের সাথে দৌড় ঝাঁপ করা সুব্রত দা।
সুব্রত দা আমার পরিচিত বড় ভাই, উনি ছোট বেলায় তাদের সাথে মাঝে মাঝে আমাকে খেলায় নিতেন বলে বলছিনা উনাকে পুলিশের এরেস্ট করা ঠিক হয়নি। আমি উনার লেখা উনাকে চেনার আগ থেকেই পড়তাম। কখনোই আমি এমন কিছু পাইনি যেখানে ইসলাম ধর্মকে কটূক্তি করে কিছু বলা হয়েছে। আমি আসলে জানি না উনি আসলেই নাস্তিক কিনা, তবে তার লেখায় উগ্র মৌলবাদ বা ধর্মান্ধতার বিরুদ্ধে কটু ভাষাতেই লেখা হয়েছে বটে। এর জন্য কারো ধর্মানুভূতি আঘাতপ্রাপ্ত হয়ে চুরমার হয়ে যাবে আর এজন্য ডিবি রাতের আঁধারে সাদা মাইক্রোতে করে ধরে নিয়ে যাবে, ভাবা যায় না।
সুব্রত শুভ, রাসেল পারভেজ, মশিউর রাহমান বিপ্লবকে গ্রেফতার করায় ব্লগার সমাজ যতটা শঙ্কিত, আমার মনে হয় তার চেয়ে বেশি শঙ্কিত আমাদের মেরুদন্ডহীন হিন্দু সমাজ। ব্লগারদের বাক স্বাধীনতায় হাত দেয়ায় আমাদের হিন্দু সমাজের চিন্তা নেই, সরকারের উপর তাদের কোন ক্ষোভ নেই, তাদের চিন্তা নিজ নিজ সন্তানদের নিয়ে। হিন্দু হয়ে ব্লগিং করাটা তাদের কাছে ভয়ের ব্যাপার। মা প্রতিদিন কয়েকবার করে ফোন দিয়ে খোঁজ নিচ্ছেন আমি ব্লগিং করছি কিনা। আমার দাদু-ঠাকুরমা আমাকে অনুরোধ করছেন বাড়িতে ফিরে যাওয়ার জন্য। সবাইকে নিশ্চিন্ত করলাম যে আমাকে নিয়ে চিন্তা করার কিছু নেই, আমি “এই ধরণের” কোন কাজ করি না। এখন চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করে “এত কাপুরুষ কেন তোমরা? ব্লগিং নিয়ে তোমাদের এত কিসের চিন্তা, কি বুঝ ব্লগিংয়ের? সরকার আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে কেন? এই অধিকার তাদের কে দিয়েছে? কিসের গণতান্ত্রিক দেশ হল এটা?” এ ধরণের ভারী কথা আমার পরিবার বুঝবে না, তা না, অবশ্যই বুঝে। কিন্তু তারা বুঝতে চায় না, তারা খেলার পুতুল হয়েই থাকতে চায়।
মফস্বলের হিন্দু পরিবারগুলোকে নিয়ে সত্যিই চিন্তা হয়। তারা হয়ত জানেও না ব্লগিং কি, কিন্তু এটা জানে ডিবি তাদের ধরেছে। “রাতের অন্ধকারে, ঢাকার ‘বিভিন্ন’ জায়গা” থেকে তাদের ধরেছে। ডিবিগুলা টিভিতে যা বলছে তাই শুনে বিশ্বাস করছে আমাদের পরিবারগুলো।
ভয় হয় কবে কার ব্যক্তিগত ডায়েরী পড়ে কাকে গ্রেফতার করবে, মা আমাকে ফোন দিয়ে বলবে “বাবা, তোর কোন ডায়েরী থাকলে ছিরে ফেল, ডায়েরী রাখার কোন দরকার নাই” মামা ফোন দিয়ে বলবে “তুই কি ডায়েরী-টায়েরী লেখিস নাকি? সাবধান, এধরণের কাজ করিস না” দাদু-ঠাকুরমা আরো এক ধাপ এগিয়ে বলবে “ভাই, তোর ঢাকায় থেকে লেখা-পড়া করার দরকার নাই, তুই বাড়ি চলে আয়। দেশের পরিস্থিতি ভালো না”। এদিকে তরুণরা মাথা কুটে মরে যাবে প্রতিবাদ করতে গিয়ে, এর এক বর্ণও আমাদের পরিবারগুলোতে গিয়ে পৌছবে না।
মা, তোমার ছেলের ব্লগার হওয়ার সামান্য প্রতিভাও নাই, তোমার তো তোমার অপদার্থ ছেলেকে নিয়ে গর্ব করা উচিৎ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





