বাংলাদেশের ডানবাম সব রাজনীতিকের কাছে
আম-জনতার কাছ থেকে এক খোলা-চিঠি আসিয়াছে
চিঠি আসিয়াছে, চিঠি আসিয়াছে জাতির দস্তখতে
চিঠি আসিয়াছে খামখোলা চিঠি এ কবির মারফতে
চিঠির পাতায় মুক্ত ভাষায় জনতা লিখেছে কী
আমি অতিশয় ক্ষুদ্র মানুষ পড়ে তা শোনাচ্ছি।
শুরু করিলাম আল্লার নামে তিনি শক্তিমান
তিনি ক্ষমতায় বসান আবার তিনি টেনে নামান
আশেপাশে যত স্বার্থান্বেষী আছো হে রাজনীতিক
সমুখে জানাই হাজার সালাম পিছনে জানাই ধিক
সমুখে পিটাই হাততালি আর পিছনে ছিটাই থুক
আশা করি বেশ কুশলেই আছো কেড়ে আমাদের সুখ
পরসমাচার এই আমরাতো ভাল নেই তুষের আগুনে দেশ পুড়ছে
পরাধীন জাতি আর পরাধীন দেশে শুধু স্বাধীন পতাকাটুকু ওড়ছে
বহু রক্তের দামে গনতন্ত্রের নামে জাতি পেল পরিবারতন্ত্র
দেরিতে হলেও আজ জেনে গেছে সারাজাতি তোমাদের সব ষড়যন্ত্র
ক্ষমতার মসনদে শাসনের বড় পদে চিরকাল থেকে যেতে চাচ্ছো
একে অন্যের ভয়ে পাগলা কুকুর হয়ে জনতাকে শুধু কামড়াচ্ছো
এভাবে আর নয় জনতার হবে জয়
এভাবে এভাবে আর নয় নয় নয় নয়
জনতার হবে হবে জয়
তোমাদের নেই লাজ তোমাদের উপর আজ
জনতা মোটেও নয় খুশি আর
হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার
জনতার শত্রুরা হুঁশিয়ার..
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


