তানপুরার তারগুলো ডেকে ওঠে তোমার নামে
আজম মাহমুদ
ভোর হলে তানপুরার তারগুলো ডেকে ওঠে তোমার নামে
অনবরত বেজে চলে জীবিত নিউরনে, স্বত্বায়
মিশ্রবিভাবরী কিংবা বিহাগ সবসূরে সমান
কেঁদে যায় আঙ্গুলের আঁচড়ে হৃদয়সেতার।
স্মৃতি যখন সরব হয়- তুমিই ছিলে সূরমন্ডলের পেলব
সুখস্রোত জীবনে আমার, এর চেয়ে বড় সত্য নিয়ে
কোন রাগিনী বাঁধেননি আমার পরমগুরু।
বাঁশিতে যে রাগ সেঁধেছিলাম গতজন্মের শেষরাতে
মুখভর্তি রক্ত উঠেছিলো- শুধু তুমি
আসোনি আমার মৃত্যুর শেষকৃত্যে।
তবু,
নতুনজন্মে; পুনরায়-
ভোর হলে তানপুরার তারগুলো তোমার নামে ডেকে যায়।
০৫.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


