এই কবিতাটি পাঁচ বছর লেগেছিল শেষ করতে। পরে কবিতার খাতাটি হারিয়ে যায়। কিছু দিন আগে যে সব কাগজে খসড়া করেছিলাম সেগুলোর কিছুকিছু খুঁজে পেয়েছি। সেগুলো থেকে যতটা সম্ভব পাঠোদ্ধার করলাম। আমি সবার কাছে এই কবিতাটির সমালোচনা চাচ্ছি। নরম নয় কঠিন সমালোচনা।
এক শ্যামাবতী মেয়ে পক্ষি-ডিম চোখে
কেমন নরম করে চায়, চেয়ে থাকে
উপমান জানি না তো
শুধু জানি ডিম ফুটে দুটি পাখি
উড়ে এসে জুড়ে বসে মনে
আর খুনসুটি করে বাড়িতে উঠোনে
পাখার ঝাপটে ঝরে টুপটাপ লাবণ্য-শিশির।
আমি শিশিরস্নাত নই, সে অন্য যুবক
আমি শুধু শিশিরের কুয়াশা-রূপ দেখি
বাতাসে ভাসিয়া আসে; আমি, ভেসে আসা দেখি
এসে ঘিরে ধরে ওই যে যুবক তাকে
আমি শুধু ঘিরে থাকা দেখি।
নাম তার অতন্দ্রিলা নরম হাসিতে
ভরে দেয় যুবকের বুক, জানে জয় করে নিতে
আমিও বিমুগ্ধ হই টের পাই
চারদিকে ফিতে!
অদ্ভুত ফিতে!
সরল সাহস তার নেই
হারিয়েছে জীবনের অকস্মাৎ বাঁকে
এখন হৃদয় জুড়ে দুঃসাহস ভালবাসা রাখে।
এখন সে একা নয়
এখন সে ভালবাসে একটি যুবক
তাই ভয়ে কাঁপে।
ভয়ে ভয়ে স্রোতস্বিনী বরফের নদী
উপরে জমাট কঠিন জল
ভিতরে অনন্ত স্রোত দ্রুত চলাচল।
হায় প্রেম প্রথম প্রণয়
হাত ধরে হেঁটে চলে অনুরাগ ভয় -
এই বুঝি, ওই বুঝি, কেউ বুঝি, ওহ গড
জেনে ফেলে প্রেম
ধোঁয়া দেখে যেরকম আগুনের খোঁজ লোকে জানে
স্রোত দেখে কেউ কেউ গভীরতা বোঝে
মেঘে দেখে কেউ কেউ রিমঝিম শোনে।
হায় প্রেম প্রথম প্রণয়
হাত ধরে হেঁটে চলে অনুরাগ ভয়!
এত বৃত্ত, এত বিঘ্ন, এত অন্ধকার
তবু স্রোত, এত স্রোত কোথা হতে আসে
অতন্দ্রিলা ভাবে আর প্রশান্তিতে হাসে।
তারপর অতন্দ্রিলা স্বপ্ন দেখে রঙধনু-যুবকের মুখ
বিস্তীর্ণ আকাশ দেখে – ছুট-ছুট মেঘের দঙ্গল
পাখির ডানায় দেখে দিগন্তে উড়াল
তারপর কিছুই দেখে না
মগ্নতায় দেয় ধীরে ডুব
নীরব-নিশ্চুপ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

