
আমি প্রেমিক হতে চেয়েছিলাম
প্রিয়তমাকে বলেছিলাম তাকে বনলতা সেন হতে হবে না
যে দীর্ঘ ক্লান্তিকর যাত্রা শেষে বাড়ি ফিরলে মুখটা মুছিয়ে দিয়ে
জিজ্ঞেস করবে "এতদিন কোথায় ছিলেন?"
আমি তাকে সুনীলের বরুণাও হতে বলিনি
বুকের মধ্যে রাখতে বলিনি সুগন্ধি কোন রুমাল
শুধু চেয়েছিলাম মাঝরাতে ঘুম ভেঙে গেলে
যখন প্রচণ্ড একাকীত্ব ঘিরে ধরবে
তখন যেন তার বুকে মাথাটা রেখে একটু শান্তি পেতে পারি।
কিন্তু প্রিয়তমা আমাকে নিরাশ করেছে
তার বুকে তো মাথা রাখতে দেয়ইনি
উপরন্তু উপহার দিয়েছে এক আকাশ ঘন বিষাদ
বুকের মধ্যে এঁকে দিয়েছে দগদগে ক্ষত।
আমি বন্ধু হতে চেয়েছিলাম
র্যাঞ্চোর মতো বন্ধু।
সে কি! থ্রি ইডিয়টসের র্যাঞ্চোর কথা আপনার মনে নেই?
কীভাবে মনে থাকবে বলুন?
কে ই বা এত কাকে মনে রাখে?
আমি ওদেরকে ফারহান কিংবা রাজুর মত হতে বলিনি
শুধু নিজেকে ওদের জন্য উৎসর্গ করতে চেয়েছিলাম
র্যাঞ্চোর মতোই।
কিন্তু দেখুন না সামনে ও পিছনে, উভয় দিক থেকে
প্রথম সুযোগেই ওরা আমাকে হাসিমুখে ছুরি মারলো।
আমি পিতার আদর্শ সন্তান হতে চেয়েছিলাম।
কিন্তু কী আশ্চর্য দেখুন, আমার পিতাই সেটি চাইলেন না।
কুয়াশা মোড়া এক ভোরে
তিনি এম্বুলেন্সে করে এসে হাজির হলেন।
কী নিরব, নিস্তব্ধ, নিশ্চুপ বেদনাময় চাহনি।
মনে হচ্ছিল আমার দিকে তাকিয়ে
যেন বিদ্রুপের হাসি হাসছিলেন!
বৈঠা ধরা না শিখিয়েই
মাঝসমুদ্রে এক ভাঙা নৌকায় আমায় একা ফেলে চলে গেলেন।
এখন আমি বিশাল সব ঢেউয়ের সাথে যুদ্ধ করি প্রতিনিয়ত।
আদর্শ ছেলে হওয়ার সময় কই?
আমি মা'র সেই ছোট্ট বাবুটি হয়ে থাকতে চেয়েছিলাম আজীবন।
মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে চেয়েছিলাম প্রতিদিন।
ভেবেছিলাম মা আমাকে গান গেয়ে ঘুম পাড়াবেন চিরদিন।
কিন্তু মা....
সেদিন সংসারের হাল আমার কাঁধে তুলে দিয়ে বুঝিয়ে দিলেন
আমি আর তার ছোট্ট খোকাটি নেই
বড় হয়ে গেছি অনেক আগেই।
এখন আর মা'র কোলে শুয়ে ঘুমানোর স্বপ্ন দেখি না,
এ স্বপ্ন দেখা বড়দের জন্য পাপ!
সবার কাছ থেকে আঘাত পেয়ে, নিরাশ হয়ে
আমি ঈশ্বরের কাছে গিয়েছিলাম,
তার ভাল ভক্ত হতে চেয়েছিলাম।
ভেবেছিলাম তিনি আমাকে শান্তি দিতে পারবেন।
দিঘীর স্বচ্ছ জলের মত শান্তি।
পুরো পৃথিবী ঘুমিয়ে পড়লে, মাঝরাতে
সারাদিনের ক্লান্তি শেষে আমি তাকে ডাকতাম নিবিষ্টমনে।
মহামান্য ঈশ্বর আমাকে নিরাশ করেননি।
বলেছিলেন তাঁর দরজা সবসময় সবার জন্য খোলা।
কিন্তু পুরো পৃথিবী ঘুমিয়ে যাওয়ার পর
তার ঘরের দরজায় গিয়ে দেখি,
সেখানে ঝুলে আছে মস্ত বড় একটি তালা।
ফেব্রুয়ারি, ২০১৭
জামালপুর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
