
প্রখর রোদে দাঁড়িয়ে ছিলে বাহারি ফুলের চকচকে গ্রাফিতির নিচে। পশ এরিয়ায় প্রাসাদোপম মল। টকটকে লাল লিপস্টিক মাখা ঠোঁট। ভীষণ গ্রীষ্মকাল দেশে। খরা। দাবদাহে পুড়ছে মানুষ।
শবযাত্রা এক শোকাতুর গান গেয়ে পেরিয়েছিলো। আহা, শুধু ক্রন্দন শুধু অনুতাপ পার্থিব জীবনের। করুণা, ক্ষমা।
‘পথিক ক্ষমিও মোরে’। মনে পড়েছিলো বহু আগে ফেলে আসা এপিটাফ। নিরুদ্দেশে হারানো ছেলেবেলা। সবুজ পাতার ঝিরঝির।
পৃথিবীর কোথাও ঝড় এফএম রেডিওতে। অতিবৃষ্টি। শূন্য দশক উড়ছে হাওয়ায়। ধূধূ মরুতে শিংওয়ালা সেই অদ্ভুত ঘোড়া। মন্থর বাস্তবিক। কিন্তু দিনান্তে স্মৃতিতে পাই, ট্রিগার ছোঁড়া বুলেটের বেগে ধাবিত!
পৃথিবীর কোথাও মেঘ হিম শিশিরের টুপটাপ। সুনামিতে বিপর্যস্ত দ্বীপ উপদ্বীপ। এই মানুষের মিছিলে শামিল ছিলাম। মসলাদার পানের স্বাদগন্ধে বুঁদ ছিলাম।
পৃথিবীর কোথাও করুণ কোমল সুরে বাজছিলো মাউথঅর্গান। প্রজাপতি আঁকা মসৃণ শরীর।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



