আগে আমি ইংরেজীতে ব্লগাতাম। ব্লগস্পটে। সহব্লগাররা ছিল সিডনীর, ম্যানচেস্টারের আর নিউ ওয়ার্কের। সবাই সবার পূর্ব পরিচিত। না হয় পরিচিতের পরিচিত। কোন না কোন ভাবে। আমরা চেনা পরিচিত মানুষগুলো জীবনের স্বপ্ন, স্বপ্নভঙ্গ, ছোট খাট চাওয়া পাওয়া আর রোজনামচা নিয়ে কথা বলতাম। বয়স কাছাকাছি, চিন্তা ভাবনা একই লাইনের, তাই তর্ক বিতর্ক কম হত। শুধুই অন্য জনের জীবনে উঁকি দেয়ার জানাল ছিল। ছিল সুখ, হতাশা সব কিছুর ওভারডোজ বের করে দেয়ার চমৎকার, নিরাপদ আউটলেট। নিতান্তই একজন টিনেজারের বোরিং ব্লগ। ছোট খাট উচ্ছ্বাস, যার পরিধি নতুন হেয়ার কাট নেয়ার মধ্যেই সীমাবদ্ধ। ছোট খাট আপত্তি, বিদ্রোহ, বিপ্লব। যেখানে বেশির ভাগ সময়ই প্রতিপক্ষ মা বাবা।
ফার্স্ট সেমিস্টার শুরুর দিকে একদিন আমার ইংরেজি ব্লগের টেমপ্লেইট বদলাতে গিয়ে পছন্দের লিংকে অনেক দিন না-যাওয়া 'বাংলা ব্লগ ডিরেক্টরি' দেখলাম। দিলাম খোঁচা। ওখানে নতুন কিছু ব্লগ এসেছে দেখলাম। এর মধ্যে 'লেনিন' নামের একজনের ব্লগে গিয়ে মজা লাগল কি যেন পড়ে। মন্তব্য করতে খুব ইচ্ছা করছিল। আমি ভেবেছিলাম ব্লগস্পটের একাউন্ট, ইউজার নেইম পাসওয়ার্ড দেখি কাজ করে না! শেষে ভাল করে পড়ে দেখি 'সামহোয়ার ইন...'। রেজিস্টার করে ফেললাম। তখনও বুঝি নি কিসে নেমেছি। পরের দিন অসুস্থ থাকায় ইউনিতে না গিয়ে বাসায় বসে বসে বিজয়ের লে আউট দেখে দেখে টাইপ করে ফেললাম ছোট খাট দু'টো পোস্ট। নিতান্তই সাধারণ কথায় ভরপুর। একটু উত্তেজনা লাগছিল, কারণ চার বছর হল বাংলা লিখালিখির সাথে যোগাযোগ নেই একদম। ভাবলাম মাঝে মাঝে একটু একটু লিখব, নিজের বাংলাটা ঝালিয়ে নিব চামে। লিখব সাধারণ কথা বার্তা, ইংরেজি ব্লগের মতই।
ঝামেলা হল পরের দিন: প্রথম পাতায় দীক্ষক দ্রাবিড়ের একটা পোস্টে চোখ আটকে গেল। নারী আর ইসলাম নিয়ে। সমস্যা হল, এই ব্যপারে আমার পড়াশোনা কম নেই। মনে প্রশ্ন জেগেছে বিভিন্ন সময়ে, তাই পড়েছি অনেক। পশ্চিমা বিশ্বে থাকি বলেই প্রেজুডিস কাটাতে বিশেষ যত্নের সাথে এ সবের খুটি নাটি শিখেছি। আমি লাইনে লাইনে আপত্তি খুঁজে পেলাম। বোকামি মনে হচ্ছিল। এমন ভুল ধারণা শিক্ষিত মানুষের মধ্যেও থাকা সম্ভব বুঝি নি। নাম শুনে ভেবেছিলাম তিনি অমুসলিম। বেচারা অতটা ভুল ধারণায় আছে, আমার কি উচিৎ না একটু ধারণা ভাঙা? এই শুভ চিন্তা থেকেই লিখে ফেললাম একটা পোস্ট। ব্যপারটা নিতান্তই শুভ চিন্তা ইনডিউসড ছিল, সেখানে সহানুভূতি ছিল। জানানোর ইচ্ছা ছিল। কোন ঘৃণা, রাগ বা ক্ষোভ ছিল না।
আমার তৃতীয় পোস্ট।
ব্যাস, ঝা করে স্পটলাইটে এসে পড়লাম!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




