গত বছর থার্টি ফার্স্ট নাইট কাটিয়েছি বেঘোরে ঘুমিয়ে। মামার বাসায়। পাশে মা।
নতুন বছর নিয়ে এক ধরণের উত্তেজনা কাজ করা শুরু করেছে যখন থেকে নতুন বছরকে নতুন বলে চিনতে শিখেছি। নতুন বছর কাছাতেই ব্যক্তিগত ডায়রী বের করে হিসাব কিতাব করতে বসে যেতাম। তারপরে রুল টানা পাতায় নতুন বছরের নতুন প্রতিজ্ঞা নিতাম। ভালো হয়ে যাওয়ার প্রতিজ্ঞা! একত্রিশ তারিখ বারোটা বাজলেই মনে হতো, আহা, কি মহেন্দ্রক্ষণ! কি না কি হয়ে গেল!
এই বছর নিজেকে আবিষ্কারের বছর ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যা পেয়েছি তা হলো: যদি প্রতিটা নতুন মুহূর্তকে একত্রিশ তারিখ 00:00 এর মত মহেন্দ্রক্ষণ ভাবা না যায়, তাহলে কখনও কোথাও পেঁৗছানো যাবে না। ব্যাস।
তাই এ বছর 00:00 আমার কাছে মূল্যহীন ছিল। যদিও বন্ধুদের ফোন পেয়েছি, এস এম এস পেয়েছি। কিন্তু মনে হচ্ছিল, এ তো আর সব ক'টা মুহূর্তের মতই! আমাকে শুধু জানা বাকি অন্য সব মুহূর্তগুলো কত মূল্যবান!
হিসাব কিতাবের জন্য অবশ্য এক বছরের টাইম ফ্রেইমটা দারুণ।
হিসাব কিতাব করতে গিয়েই একটা হালকা হাসি আসে ঠোঁটে। আমি জানি আমি কি পেয়েছি। খুব মূল্যবান কিছু একটা। পেয়েছি, পেয়েছি। আমার এক জীবনের অন্য সব পাওয়াকে কেমন ম্লান করে দেয়। আমার হৃদপিন্ডের প্রতিটা লাল কোষ, মস্তিষ্কের প্রতিটা ধূসর কোষকে যন্ত্রনা দিয়েছে, তবু এ এক অতুলনীয় পাওনা!
মজার ব্যাপার, আমার পুরো বছরটা এই একটা প্রাপ্তিকে ঘিরে আছে।
তাই অন্য কোন হিসাব কিতাব মাথায় ঢুকছে না।
ব্লগ, তা ছিল। ব্লগ এবং ব্লগাররা আমাকে যে কি দিয়েছেন, সেগুলোর হিসাব কখনই শেষ হবে না। প্রাপ্তি, প্রাপ্তিমনিই আমাকে নতুন কিছু দরজা দেখিয়েছে, জানালা দেখিয়েছে, আকাশ দেখিয়েছে। ব্লগে আমি আগে কাউকে চিনতাম না। ঠিকানা পেয়েছি অন্য জায়গা থেকে। কিন্তু, আঙ্গুলে গুণে দেখলাম, কোন রকম পূর্ব পরিচয় ছাড়া ফোনে কথা হয়েছে মোট এগারো জন ব্লগারের সাথে।
এমএসএন, জিমেইল টক ছিলো, আছে। সেখানে আছে আরও অনেকের লিস্টি।
আমার সাথে যাদের বন্ধুত্ব হয়, তারা অদ্ভূত রকমের অন্য রকম আমার থেকে। ব্লগারদের ক্ষেত্রে এটা প্রমানিত সত্য! তবু, যার সাথে একবার কথা বলি, তাকে খুবই পছন্দ হয় বলেই করি। মজার ব্যাপার হচ্ছে, এই বছর আমি মানুষ চিনতে ভুল করি নি। যাদের সাথে কথা হয়েছে, তাদের ভিতরটা পড়া শুরু করেছি অল্প দিনের মধ্যেই। মানুষগুলো অসাধারন। অবস্থা এমন, আমার আসল বন্ধুদের চেয়েও আমাকে মনে হয় বেশি চিনে গিয়েছে এই মানুষগুলো!
ধন্যবাদ আপনাদের।
এখন হিসেব করতেই কেমন অদ্ভূত লাগছে!
উফফ, চুলায় যাক হিসাব!
আসলে আমার মন খারাপ। কেন বুঝতে পারছি না।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



