মাঝে মাঝে মনে হয় এক ম্যাজিকেল মেরি গো রাউন্ডের কেন্দ্রে দাঁড়িয়ে আমি বিচিত্র মানুষগুলোর সরে যাওয়া দেখছি। অবিরাম ঘুরে চলছে ম্যাজিকেল মেরি গো রাউন্ড। বাঁক ঘুরতেই নতুন মুখ, নতুন মুখোশ, নতুন লাল নীল রং। আমাকে ছুঁয়ে দেয়, ধাক্কা দেয়, কাছে টেনে ছুঁড়ে দেয়।
পৃথিবীর খুব সুন্দর ব্যাপারগুলোর দু'টো হচ্ছে কারও তীব্র আনন্দ দেখে নির্মল আনন্দিত হওয়া আর কারও কষ্টে নির্ভেজাল কষ্ট পাওয়া। খুব সুন্দর ব্যাপারগুলো অনেক সময়ই সহনীয় পর্যায়ে থাকে না।
আমার দেখা খুব ভালো মানুষগুলোর মধ্যে একজন (যার সাথে থাকার সময় খুব নির্ভয়ে, নির্ভরতায় থাকি), যার গায়ে হেলান দিয়েছি এক সময়ে অনেক, সেই মানুষটা সকালে জানালো বহুদিন পরে হাসিখুশি চোখগুলোতে (যেগুলোকে এক সময় কুতকুতে বলে বহুত ক্ষেপিয়েছি) পানি। বহুদিন পরে জীবনে ফিরে আসা প্রিয় মানুষটার (যার থেকে দূরে থাকার জন্য দেশ ছেড়েছেন) তীব্র কষ্টের পুরাটাই নিজের মত অনুভব করছে তাই।
বার বার ফোন করেও পেলাম না, মোবাইল অফ। কয়েক কিমি দূরে বসা মানুষটার জন্য কিছুই না করতে পেরে ছট ফট করছিলাম। এই মানুষটাই আমার মন ভালো করার জন্য জীবন মরণ জরুরি মিটিং থেকে তাৎক্ষনিক ছুটি নিয়ে পঞ্চাশ কিমি ট্রেইন ভ্রমন করে দেখা করতে এসেছিল "পাঁচ মিনিটের" জন্য। কত ভাবে যে হেলান দিয়ে গিয়েছি, দিচ্ছি ক্রমাগত। অথচ কোন বিনিময় সম্পর্ক ছিল না কোন কালে।
কিচ্ছুভাল্লাগছেনা।
মেরি গো রাউন্ডের ঘুরন্তিতে মাথা ঘুরছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






