
বাবার কাছে মেয়ে কি শুধু মেয়ে?
নাকি রাজকন্যে, রঙিন প্রজাপতি
মেয়ের কাছে বাবা কি শুধু বাবা?
নাকি রাজার চেয়ে রথি মহারথি!

গামছায় বেঁধে খাবার এনে দিয়েছে বাবার হাতে
সবটুকু খাও একটি ভাতও থাকে না যেন পাতে;
কতোটা খেয়াল বাবার জন্য কতোটা আদর যত্ন
বাবার বুকে গোপন আবাসে মেয়েরা আজব রত্ন!

বাবার মাথায় বসে আছে মেয়ে
খুশিতে তার হৃদয় গেছে ছেয়ে।
জলে-কাদায় গোপনসুখে যাচ্ছে বাবা হেঁটে
গৌরবে তার ভুবনখানি আনন্দে যায় ফেটে!

আমি যদি পাখি হয়ে আকাশে মেলি ডানা
কেমন করে যাব আমি নেই মোটেও জানা
পাখির মতো ছোঁ মেরে নেয় দুষ্টু কোনো ঝড়ে
হারিয়ে গেলে আমায় তুমি পাবে কেমন করে?
কই হারাবে মা,
তোমার দেখা আকাশটা তো ছোট্ট মতন বাটি
মেয়ের জন্য বাবার আছে বিশাল আকাশ মাটি!
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



