
তবুও আশায় তুমি প্রিয় জন্মভূমি
মোঃ শামীম হোসেন (বিদ্যুৎ)
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে ব্রিটিশ বেনিয়া আর পাক-ভারতের
ঘৃণ্য প্রেতাত্মা প্রতিনিয়ত গ্রাস করছে সোনার বাংলাকে।
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে মজলুমের বাঁচার আর্তনাতে স্তব্ধতা
সাংসদ আমলা কামলাদের মিথ্যার বেসাতি করেছে বাংলাকে।
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে মানুষ জ্ঞান বুদ্ধি বিবেক শূন্যতা
বিশ্ব দরবারে শির-দাঁড়া হীন করেছে বীর সেনানীর বাংলাকে।
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে বীর সন্তান জ্ঞানী গুণীরা শ্রবণ করে
জমায়েতের সবচেয়ে গণ্ড মূর্খকে, যে কুলাঙ্গার করেছে বাংলাকে।
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে মাত্র গুটি কয়েক জারজের দুর্নীতির দুর্নাম
জগদ্দল পাথরের মত চেপে ধরেছে আঠারো কোটির বাংলাকে।
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে সন্তান ভুলে যায় তার অন্ন দাতার নাম
কৃষক শ্রমিক মজলুম জনতা মেনে নিয়েছে অত্যাচারিত বাংলাকে!
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে পিতা তার মেয়ের সম্ভ্রম বিলায়!
স্বীয় ব্যর্থতা মেনে নিয়েছে বিনে পয়সার পতিতালয় বাংলাকে!
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে মানুষ জীবন দিয়েছে ভাষার জন্যে
আজ তারই অজাত সন্তানেরা নির্বাসনে পাঠিয়েছে বাংলাকে।
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে যাত্রা পালা গজল গানের উৎসব হত গ্রামে
এখন সবে অন্তজালে নীল ছবি দেখে তুচ্ছ ভাবে বাংলাকে।
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে অনুর্বর মস্তিষ্কের প্রাণীর সংখ্যা বেড়ে চলেছে
দুর্বৃত্তরা জোটবদ্ধ হয়ে হনন করেছে অবিরত বাংলা মাকে।
আমি সেই বাংলাদেশের কথা বলছি
যে জাতি গর্জে উঠলে দমিয়ে রাখতে পারেনা বিশ্ব বেহায়ার গোষ্ঠী
তাই তো বলি গৌরব করে তবুও আশায় তুমি আমার প্রিয় জন্মভূমি।
লেখক কর্তৃক স্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



