ছোট্ট বেলায় চটি জোড়া ছিঁড়ে যাবার পর
মুচি পেরেক লাগিয়ে দিয়ে বলেছিলো -
এইবার যতখুশী দৌড়ান বাবু , কিচ্ছু হবে না।
সেই চটি পরে এ গলি, সে গলি, তস্যগলি
মাঠ, শান বাঁধানো পুকুর, বুড়ো বাঁকুর গাছ,
বড় রাস্তা পেড়িয়ে জমিদার বাড়ি
রেল লাইন ঘেঁষে বৈশাখী মেলার ভিড়
হাওয়াই-মিঠাই, এক টাকায় চারটা লজেন্স
টক-ঝাল-মিষ্টি, আট আনার চিনেবাদাম।
মেঘেরা আকাশে গা ভাসালেই
ভোঁ-দৌড়ে হাইস্কুলের মাঠ।
এখন সব পরিকল্পনামাফিক
বরাদ্দকৃত সুখ দুঃখ প্রয়োজন মতো
জ্যামিতিক হাসি-কান্না।
ঢাউস যত শপিং কমপ্লেক্স
মাল্টি ন্যাশনাল ব্র্যান্ডের মুচকি হাসি,
এতো এতো দামি জুতো পায়ে গলিয়েও
আজ বড্ড জড়তা পায়ে।
মেঘেরা আজো হাওয়ায় ভাসছে ঠিকই
আর আমি ফেলে আসা পেরেকটাকে আক্ষেপে বলি
পা-গুলো এখন ঠিকানা হারিয়ে ফেলেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




