আপনার জেলখানার পৃথিবী
দশবার সূর্যকে প্রদক্ষিণ করেছে
আমার জেলখানায় সে নিজ অক্ষেই স্থির।
যে সূর্যসন্তানেরা ধানী জমিতে
টেনে এনেছে সূর্য
তারা আজ মেজর জলিলের মত বিস্মৃত
আর ষড়যন্ত্রকারী উকিলেরা
তারিখ-তারিখ বলে টেনে ধরেছে পৃথিবীর ঘূর্ণন।
প্রিয় নাজিম হিকমত,
মুক্তি মেলেনি বলে মাতৃভূমিতে না ফিরে
যে-দেশে দেহ রাখলেন
পরিহাস: সে দেশের রাষ্ট্রপতিই বিনা ওয়ারেন্টে
মার্কিন নাগরিক!
প্রিয়তম তুর্কী আমার,
সূর্য না-ঘোরায় আজও আমার রাত্রি
চিরস্থির। আর এই দীর্ঘ যাম আমি আপনার কাব্যপাঠেই
কাটিয়ে দেই। নাহয় নামাজ ভেবে কেউ কেউ
নাকই সিঁটকালো;
কিন্তু মুক্তির হে মুক্তবিহঙ্গ
জীবনে এবং মৃত্যুতেও যে উদ্বাস্তু থাকে
তার ডানা মেলার আকাশ কোথায়?
বলুন, কোন্ মানচিত্রটি আপনার?
এই অতি-উঁচু মাপের দেশপ্রেমিকের প্রায সারা জীবন কোন দেশের নাগরিকত্ব ছিল না। যে-রাশিয়ার জন্য লিখে হারিয়েছিলেন স্বদেশের নাগরিকত্ব, জেলে কাটিয়েছিলেন যৌবনের সতেরো বছর, সেই রাশিয়া তার কবরের মাটি দিলেও পাসপোর্ট দিতে রাজী হয়নি প্রায় সারাটা জীবন। আমাদের নজরুলের অবস্থাও কি এরচেয়ে খুব আলাদা?
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





