
ঘরের কোণে আর পারি না থাকতে, একঘেঁয়েমি লাগে
চলো কিছু মুগ্ধ সময় নিয়ে আসি আমাদের বাগে,
যে আকাশ মেঘে ভরা, স্বচ্ছ নীলের আবরণ,
এসো যাই, যেখানে গেলে মুগ্ধতারা মন করে হরণ।
ঘাস ভরা কোন এক মাঠে
ইতি দিয়ে কর্মপাঠে
গিয়ে বসি আসন পেতে, চলো যাই,
আকাশ দেখি, নিয়ে আসি সুখ- মন করে বোঝাই।
কাঁটা ঝোপ পেরিয়ে কোনো বনারন্যে,
গিয়ে দাঁড়িয়ে - তাকাই শূন্যে,
আকাশ দেখি, দেখি মেঘেরা কেমন করে উড়ে,
এসো যাই, যেখানে হাওয়ায় বাজে - পাতার বাঁশি সুরে।
এত কর্মে লাভ কি বলো, নিজের জন্য কিছু মুগ্ধতাও চাই,
চলো সারি সারি গাছের ফাঁকে আকাশ দেখি, যেখানে বিল্ডিং নাই,
আমাকে উপহার দাও - ভালো লাগা, কিছু অলীক সুখ,
এনে দাও মেঘ ভরা আকাশ আমার সম্মুখ।
চলে যায় সময় কেবল কাজের লেজ ধরে,
বিষণ্নতার কাঁপন মন ঘরে,
একটু ফুরফুরে সময় আমায় দাও,
এসো ভাসাই এবেলা ইচ্ছের নাও।
চলো আকাশ দেখে দেখে হাঁটি,
নিচে শিশির ভেজা মাটি,
সুখ ছুঁয়ে দিলেই তুমি মুগ্ধ হয়ে - দেবে হেসে,
সব ব্যস্ততা ঠেলে এবার নিজের জন্য - সময় যাই ভালোবেসে।
===========================================
©কাজী ফাতেমা ছবি
১৯/০১/২০২২
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




