
আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।
জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব আর আকাঙ্ক্ষা জোড়া দিয়ে অর্থ বানায়। তারপর নিজের তৈরি অর্থকেই আবিষ্কার বলে ঘোষণা করে। Waiting for Godot-এর ভ্লাদিমিরের মতো আমরা অপেক্ষা করি; কে আসবে? কেন আসবে? আদৌ আসবে কি না! জানি না।
অর্থের মতো নিয়মও আমরা বানাই। ধর্ম, পেশা, পরিবার ও সমাজ নিয়ম দেয়। এরপরও দিনের কিছু সময় নিজের থাকে। কিন্তু স্বাধীনতার অভ্যাস আমাদের নেই। নিয়ম না থাকলেই শূন্য লাগে। তাই ব্যক্তিগত সময়ের জন্যও নিয়ম বানাই। নিয়ম করে আড্ডা দিই, ঘুরি, চা খাই, ঘুমাই। তারপর নিজের অভ্যাসকে প্রমিত করি। আর বলি না, “আমি এভাবে বাঁচি।” বলি, “এভাবেই বাঁচা উচিত।”
ব্যস, অভ্যাস নৈতিকতা হয়ে গেল।
‘আদব’-এর খাতা এত মোটা যে, তা শেখানোর বই বাজারে অনেক। কাকে কখন সালাম দিতে হবে, কোথায় ডান পা আর কোথায় বাঁ পা ফেলতে হবে, সব লেখা আছে। শৌচাগারে বাঁ পা দিয়ে ঢুকতে হবে; পিছলে পড়লেও যেন নিয়মটি ঠিক থাকে। কিন্তু নিয়মের বাইরে দাঁড়িয়ে নিজেকে চিনবেন কীভাবে, তার বই নেই।
কেউ দাঁড়িয়ে জল পান করলে আমরা তার তৃষ্ণা বা তাড়া দেখি না; দেখি নিয়মভঙ্গ। ভাবি, লোকটি কি বোকা? সে কি জানে না, এখানে এভাবেই চলে? অথচ আমরা জানি, নিয়মটি মানুষেরই তৈরি। তবু না জানার ভান করি। কারণ নিয়মটি বানানো, এ কথা স্বীকার করলে অন্যের ওপর চাপানোর অধিকার থাকে না।
এই চাপ পা ফেলা বা জল খাওয়ায় থামে না। সংসার, সন্তান, ঋণ এবং দায়িত্বের ভেতরও ঢুকে পড়ে।
এক শিশু একদিন অভিভাবকের কাছে দশ টাকা চেয়েছিল। মানুষটি কয়েকবার পকেট হাতড়ে মৃদু হেসে বলেছিলেন, “Empty pocket।” শিশুটি বড় হয়ে ভাবে, মানুষটি কি সত্যিই সন্তান চেয়েছিলেন? নাকি বিয়ে ও সন্তান নেওয়া নিয়ম ছিল বলেই নিয়েছিলেন? ভালোবাসা হয়তো ছিল। কিন্তু ভালোবাসা থাকা এবং সিদ্ধান্তটি স্বাধীন হওয়া এক কথা নয়।
কেউ নিজের নয়, অন্যের প্রয়োজনে নেওয়া লাখ টাকার ঋণের কিস্তি টানছেন। কেন, প্রশ্ন করছেন না। নিজেকে বলছেন, “এটা আমার দায়িত্ব।”
একজন নারী রিকশায় উঠছেন না, কারণ বাজারের বাজেট কম। একজন বাবা খেলনা কিনতে পারেননি বলে লোহা দিয়ে গাড়ি বানিয়ে দিয়েছেন। গাড়িটি নষ্ট হয়নি; কিন্তু সন্তানের প্রশ্নটি টিকে গেছে: বাবা কি সত্যিই এত গরিব ছিলেন?
হয়তো তিনি গরিব ছিলেন না। নিজের উপার্জনের ওপর তাঁর নিজের অধিকার ছিল না। দারিদ্র্য শুধু খালি পকেট নয়। নিজের শ্রমের টাকা নিজের জন্য খরচ করতে না পারাও দারিদ্র্য।
বালির স্তূপ থেকে এক বালতি করে বালি সরালে ঠিক কখন সেটি আর স্তূপ থাকে না? একইভাবে, জীবন থেকে একটির পর একটি ব্যক্তিগত সিদ্ধান্ত সরালে ঠিক কখন জীবনটি আর নিজের থাকে না?
একটি ঋণ জীবন কেড়ে নেয় না। একটি ত্যাগও নয়। কিন্তু কিস্তির পর কিস্তি, ত্যাগের পর ত্যাগ, দায়িত্বের পর দায়িত্ব মানুষকে নিজের জীবন থেকে উচ্ছেদ করে।
তারপর এক কাপ কফিও অপরাধ মনে হয়। সামান্য আরামের খরচকে পাপ বলে মনে হয়। নিজেকে বোঝাতে উপন্যাস, গল্প, সিনেমা কিংবা সিরিজ থেকে চরিত্র ধার করি: “ওই চরিত্রটিও তো এমন ছিল।”
এর চেয়ে ডাহা মিথ্যা আর কী হতে পারে?
কাল্পনিক চরিত্রটি কষ্ট পেয়েছে বলে আপনাকেও কষ্ট পেতে হবে না। অন্তত নিজের বন্ধু হতে পারেন। বলতে পারেন, “আমি ক্লান্ত। কোনো মহৎ কারণ ছাড়াই একটু আরাম চাই।”
কিন্তু না।
আমরা বাইরের নিয়মকে ভেতরে এমনভাবে বসিয়েছি যে, এখন আর প্রহরীর প্রয়োজন হয় না। নিজেই নিজের আনন্দ পাহারা দিই। নিজের স্বস্তিকে অপরাধ বানাই। তারপর এই আত্মনির্যাতনের নাম দিই দায়িত্ব, আদব ও নৈতিকতা।
আমি নিয়ম তুলে দিতে বলছি না। নিয়ম প্রয়োজন। কিন্তু নিয়মের এই প্রকট, বিকট বটগাছ প্রয়োজন নেই। নিয়মের মূল্য তার বয়স, পবিত্রতা বা জনপ্রিয়তায় নয়; কার্যকারিতায়।
আউটপুট কী? ফল কী? মানুষের জীবন সহজ হচ্ছে, নাকি শুধু নিয়ন্ত্রণ বাড়ছে?
কোনো ফল নেই, কার্যকারিতা নেই; তবু মানতে হবে, কারণ “এখানে এভাবেই চলে।” এটি শৃঙ্খলা নয়। চিন্তার অলসতা। নিয়ম মানুষের জন্য। মানুষ নিয়মের সার নয়।
নইলে একদিন দেখবেন, নিয়মের নোটবুক ভরা; মানুষটি খালি।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


