
একদা মনের ডালে ফুটতো বেলী, জুঁই অথবা রঙ্গন ফুলের ঝুমকো,
সেখানে ডানা মেলে উড়তো সুখ পোকা'রা,
কী রঙবাহারী দিন হোঁচট খেতো বুকের বাগানে,
ফুলেল সময় আমার ছিলো হাতের মুঠোয়।
একদিন এই বুকের বাড়ীতে জ্বলে উঠতো রঙিন আলোর বাতি,
কী দিন কী রাত নিভে,যেত না.....
সে আলোয় পথ চলেছি নিদ্বির্ধায়, আপোষহীন সময় আমার,
যা ইচ্ছে সুখ কুঁড়িয়েছি পথ হতে পথে।
একদা এই মনের বাগানে সূর্যের তীক্ষ্ণ রশ্মি এসে বসতো
না কপাল কুঁচকাইনি তীক্ষ্ণতার ভয়ে, হাসি মুখে মেনে নিয়েছি ঘর্মাক্ত জীবন
দেহে ছিল যৌবনের জোর, মন ছিলো উচ্ছল, নিশ্চিন্ত সুভাবনাময় সময়,
সেখানে কেবল সুখ পাখিরাই এসে বসতো, করতো দ্বিধাহীন উড়াউড়ি।
আজ এখানে কিছু ঘুণপোকা এসে নষ্ট করে দিলো মন বাগান,
সুখের ফুল'রা আর ফোটে না ডানা মেলে, উড়ে না প্রজাপতি,
ফড়িং এসে আলগোছে বসে না মনের শাখে,
মনের শাখে ফুটে থাকে গন্ধহীন চুপসে যাওয়া ফুল।
এখানে মনের বাড়ী অন্ধকারাচ্ছন্ন, আলো গেলো হারিয়ে,
বুক দেয়ালে নিরাশার বাতি জ্বালালেই সময়ের ধুলো চোখে,
চোখের কোণে মাকড়শার জাল, দৃষ্টি ঝাপসা,
প্রতিনিয়ত ব্যথার জল পান করে করে ক্লান্ত মন।
কিছুই আর লাগে না ভালো, দুর্ভাবনার বেড়াজালে বন্দি,
ফুটাতে চাই মন বাগানে থোকা থোকা রঙ্গন, বেলী অথবা বকুল
আর সেখানে কিনা ফুটে আছে চুপসানো ফুল, যা অচিরেই যাবে ঝরে,
সুখ ফুল তবে কবে ফুটবে আর, অশীতিপর তো এসে গেলো বন্ধু!
===================================
©কাজী ফাতেমা ছবি
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




