তোমাকে খুঁজেছি তোমার ঘরের কোণে;
অথচ তুমি আছ আমার ঘরের তৈজসপত্রে।
তোমাকে খুঁজেছি সপ্তম আসমানের রাজ প্রসাদে;
অথচ তোমার অস্তিত্ব সেখান থেকেও সপ্তম আসমান দূরে।
তোমাকে খুঁজেছি তোমার বিদিত পরিচিত জনের কাছে:
অথচ তুমি নিবাস বেঁধেছ প্রতিজনের অপরিচিত গহীনে।
তোমাকে খুঁজেছি মাইকের আহ্বানের শব্দ তরঙ্গে:
অথচ তুমি লুকিয়ে আছো সেই তরঙ্গের শিরায় শিরায়।

তোমাকে খুঁজেছি তরবারির ধারালো শরীরে;
অথচ তুমি থিতু হয়ে আছ সকলের ভোতা মানস-পটে।
তোমাকে খুঁজেছি ঘণ্টাধ্বনির ঝন ঝনানীতে;
অথচ তোমার চলা ভিন্নমতের অভিন্ন পথে।
তোমাকে খুঁজেছি মন্ত্রে মন্ত্রে মুগ্ধ বাণীতে;
অথচ তোমার বিচরণ সেখান থেকেও সন্নিকটে।
কেউ কেউ তোমাকে সৃষ্টি করেছে নীলিমার সপ্ত-নীলে;
অথচ তারা তোমাকে রূপ দিয়েছে অশরীরী অস্তিত্বহীনতায়।
তারা তোমাকে আচ্ছাদিত করেছে প্রেমহীন নিষ্ঠুরতায়
অথচ তোমার প্রেমে জন্ম নিয়েছে সপ্তর্ষির সহোদর সপ্তনদী।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



