বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
এর আগে গত ১৬ এপ্রিল হাই কোর্ট তিন মাসের জন্য এ নির্বাচন স্থগিত করে। ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটি কর্পোরেশনে ২৪ মে ভোট হওয়ার কথা ছিল।
সোমবার আদালতে শুনানিতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, “হাই কোর্টের একটি বেঞ্চ ডিসিসি নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন। ইতোমধ্যে এর মেয়াদ শেষ হয়েছে। আদালত বেশ কিছু নির্দেশনাও দিয়েছিল। এ অবস্থায় নতুন করে স্থগিতাদেশ না দেওয়া হলে মামলাটি কার্যকারিতা হারাবে। তাই রুলের শুনানি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বাড়ানো প্রয়োজন।”
এরপর আদালত স্থগিতাদেশের মেয়াদ তিন মাস বাড়িয়ে আদেশ দেয়।
গত এপ্রিলে ঢাকার দুই সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করা পর্যন্ত ডিসিসি নির্বাচন স্থগিত করার জন্য একটি রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১৬ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এক আদেশে ‘যথাসম্ভব দ্রুত’ ঢাকার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করতে বলে।
একইসঙ্গে নির্বাচনের তিন মাস আগ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করতে বলা হয়। আইন অনুযায়ী, সব কাজ শেষ করে দ্রুত নির্বাচন করতে বলে আদালত।
এছাড়া সীমানা নির্ধারণসহ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের সংশ্লিষ্ট ধারাগুলো বাস্তবায়ন করে তারপর নির্বাচন অনুষ্ঠানে ইসিকে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, নির্বাচন কমিশন সচিব, ঢাকার জেলা নির্বাচনী কর্মকর্তা, দুই রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে ওই রুলের বিবাদী করা হয়।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এর ২৭ ধারায় বলা হয়েছে, নতুন কোনো সিটি কর্পোরেশন হলে সীমানা নির্ধারণকারী কর্মকর্তাকে সুনির্দিষ্ট ওয়ার্ডের বিষয়ে সুপারিশ করতে হবে এবং কর্পোরেশনকে বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত করতে হবে। এই ওয়ার্ডের সংখ্যা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করতে হবে।
ওই আইনের ২৮ ধারায় বলা হয়েছে, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সীমানা নির্ধারণকারী কর্মকর্তা নিয়োগ করতে হবে। সীমানা নির্ধারণের জন্য কর্মকর্তা নিয়োগ করে গেজেট প্রকাশ করতে হবে।
রিট আবেদনে বলা হয়, ঢাকাকে বিভক্ত করে দক্ষিণ ও উত্তরে দুটি সিটি কর্পোরেশন করায় এখন স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের ২৭ ও ২৮ ধারা বাস্তবায়ন না করে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই। এছাড়া নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়ে আইনের ৩, ৫, ২৯ ও ৩০ ধারাও লঙ্ঘিত হয়েছে।
http://bdnews24.com/bangla/details.php?cid=3&id=200218&hb=4
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১২ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





