আনন্দ রোজারিও পুরনো কবি হলেও আমি তার নতুন পাঠক। বরিশালে বসে লেখা তার এই কবিতা গুলো আমাকেই নতুন করে চেনাল আমার শৈশবের শহর। সম্প্রতি এই লেখা গুলো তিনি ফেসবুকে পোষ্ট করেন। এই কবিতা গুলো এবং তা লেখার কাল সম্পর্কে বলতে গিয়ে কবির নিজের মন্তব্য "এই কবিতাগুলো অনেক আগের লেখা। আমি বরিশালে ১৫ বছর ছিলাম। কোনো কবির সাথে আমার পরিচয় ছিল না। কিন্তু আমি বাস করেছি বগুড়া রোডে মুনশীর গ্যারেজের পাশে অবস্থিত কবি জীবনানান্দ দাশের বাড়ি 'ধানসিঁড়ি'র গা ঘেসে। আর প্রতিদিন ঘুরে বেড়িয়েছি জীবনানন্দর গ্রামে গ্রামে।"
-অসম্ভব প্রিয় হয়ে এই কবিতা গুলো সামুর বন্ধুদের সাথে শেয়ারের লোভ সামলাতে পারলাম না। আশা করি আপনাদের ভালো লাগবে।
নদী
নদী মরে গেলে সত্য হারিয়ে যায়
দুপাড়ের মানুষের বুক থেকে ঝরে পড়ে
বয়সের মতন এক একটা নিটোল স্বপ্ন
প্রতিটি গল্পের সাথে জেগে থাকে দীর্ঘশ্বাস
এরকম কথা আমাকে শুনিয়েছে একজন বুড়ো চাষি
আমি সেই থুত্থুরে বুড়ো চাষির বুকের ভিতরে
হাত দিয়ে দেখি-
অনেক দূরের সবুজ ধান
পুড়তে পুড়তে হলুদ হয়ে যায়-
জীবনবাবুর বাড়ি
জীবনবাবুর বাড়ি কালো মেঘে ঢাকা
প্রকৃত আলোর রেখা মেলে ধরি দুই হাতে
উল্টেপাল্টে দেখি- কোন রূপ করুণ শঙ্খ
তাকে করেছে কি নতমুখী, কিংবা প্রাচীন প্রতাপ
এই ভেবে বেজিটিকে ডাকি আমি,
দুএকটি পোকা ও মাকড়
শুকনো পাতাও কিছু ঝরে পড়ে, সড়সড় শব্দ শুনি
শুনি, মেঘদল ঘিরে ঘিরে নাচে, আর ব্যাদিত সবুজ
পোর্ট রোডে একরাত
এ শহর ভুল সুরে গান গায়, তাই আমি
রাত্রির খোলস ছেড়ে দ্রুত পায়ে উঠে আসি
শেয়ালঘোষিত পথে হাঁটি একা একা, আলো জ্বেলে দেখি-
জল নয়-
হাততালি দিয়ে নাচে সেই দুটি বোন
ফুলে ফুলে ওঠে শুধু ঘাগরার ঘের
আজ তার শীতল কাঁচুলি জানে গৃহস্থের লোভ
নদীর তরঙ্গ তাই শেষ মাঝিটিকে বলে, বিদায়, বিদায়...
বগুড়া রোড
পথে পথে আনাজের ভিড়, আলো জ্বলে ওঠে-
পুরনো আধুলি কিছু মুঠো-পুরে
গোল হয়ে আজ কারা গান গেয়ে ওঠে, হৈ রৈ
চোখ তার সাদা-
ছায়া গুণে গুণে
লাফ দিয়ে পথে পথে নামে ইলিশের ঝাঁক
মসলার ঘ্রাণ মেখে আমি তাই নবীন পাথর
মেঘমল্লার
প্রতিটি ঘুমের পরে সেতু এসে ডাকে, বলে-
দূরের মুদ্রিত গ্রাম মেঘনতভার মন্ময় হেতু
পায়ে পায়ে ভোরের তরল, ধুলিরূপ রং
শোনো বোন, প্রকৃত জলের কথা,
শোনো প্রস্তরিত গান
মুখ তার মুখর আঁধার, চোখ দুটি ম্লান
হেটে আসে শ্লথ পায়ে, কাঁখে এক সবুজ কলস
তৃষ্ণা নেই, চারিপাশে প্রকৃত পাহাড়
আশালতা
প্রকৃত ঘুমের মাঝে আশালতা হেঁটে আসে
হেঁটে যেতে যেতে সান্ধ্যভাষ্য তার মৃদুস্বরে শোনা যায়-
পথের প্রান্তে দ্যাখো পায়ের ঘুঙুর যেন
বাঁধানো ঘাটের কাছে পড়ে আছে প্রস্তরিত আলো
এখনো জলের দোলা ভেসে যায় দুরন্ত পাড়ের কাছে
কাছে বাঁশবন- তবু কার কান্না ঢেউ হয়ে মিশে যায় দূরে
প্রকৃত ঘুমের মাঝে আমি তার নিহত বয়স, ঘুমঘোরে
একাকী শোনাই তাকে রয়ানীর তরজমা কিছু
অর্থহীন বলে একদিন এইসব মাটিচাপা ছিল-
মাটির গভীরে থেকে
বুকের প্রদীপ হাতে কতকাল বাতাসের বিপরীতে
আসা যাওয়া করা গেছে-
অর্পিত বেদনা জেনো চারিদিকে কুয়াশার ঝরে পড়া শুধু
প্রকৃত ঘুমের মাঝে ব্যর্থ শব্দ কিছু- অরচিত গান
সেইসব গান গেয়ে গেয়ে সে কখনো ফেরে নাই ঘাটে-
দূরত্বের বিপরীতে ঘুঙুরের পাশে পাশে, জলতলে লতানো ছায়ায়-
ছায়া রোদ
অশ্বশালার পাশে মায়া পড়ে আছে, একাকী নিখোঁজ
আমি কেন অপস্মার হেতু বৃক্ষের মন্দ্রিত খেদ
ব্রত করে গায়ে মাখি, মর্দিত আলো তালু জুড়ে
বিঘোষিত কেশ আর পীড়ক আঁধার
জলের চিহ্ন দেখে ভয় পেতে ভালোবাসি
তিনটি প্রবল হাঁস উড়ে আসে-
উড়ে যায় ক্রমশ ঈশানে
তারস্বরে ডেকে বলি, আয় ভাই, বেদনার দর্পিত বোন...
চুপি চুপি মেঘ খসে আসে, ঝরে নিহত প্লাবন
সেতুর উপরে আমি তাই ছায়া ভাঙ্গি, মনোনীত রোদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




