কোথাও আকাশ নেই, সব সাজানো শূন্যতা
একাকী শয্যায় শুয়ে পাতাবাহারের নাচ দেখি
একদিন কি ফুটতে পারেনা একটি অবাক কুঁড়ি!
চোখ বুজলেই মগজে ঢোকে অলিক আকাশ।
বেশ কিছুদিন হ’ল ভিতরে যাইনা কারো
পাহারায় বল্লম উঁচিয়ে টেরিকোটা খোজা, কুক্কুর চোখ
আকাশ তোমাকে ছুঁতে পারিনা কিছুতে আমি
কাছে যত যাই দেখি সব ফাঁকা, মেঘের ওপারে ধুধু মেঘ
লেপের ওমে এখনো জড়িয়ে আছে কনকনে স্বেদ
ভেতরে যদিও উষ্ণ শরৎ, উড়ছে তুলোর মত ধুন
কল্পনার নীলে মাখা বেদনার ছাই—এরকম একটি আকাশ শুধু আছে
কৃষ্ণপক্ষ গেলে যেখানে লাজুক হাসে মাপা ঠোঁটে ঋতুবতী চাঁদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



