কতদিন দেখিনি তোমায়
ও আমার প্রিয়তমা,
ওগো অঞ্চল সবুজ ধারিনী
আজ শুধু মনে পড়ে
অলখে হেরি হৃদ-নয়নে
মনের ভাঙ্গা আয়নায়
দর্পনে দর্পিতা সুহাসিনী।
মরুপূর্ণ কতকাল গত জানিনা
খেজুর পাতার থেবড়ানো জমিনে
পূর্ণিমা হৃদয় ঢুলু ঢুলু
প্রভাতী অংশুক অবয়ব মলিন অস্তাচল যেন।
তবুও অপেক্ষা এক অম্লান রূপসীর
বাঁশ পাতার অাঁধার বিদায়ে
কাকলী কণ্ঠী বীণা বাজিয়ে
যে আমায় জাগিয়ে তুলতো
জীবনের ভোরে।
আজ শুধু মনে পড়ে
শিশির ভেজা অধর মিষ্টতায়
চুম্বিতো ঘুম ভাঙ্গাতে যে
হৃদয়ের মাঝখানে।
'পবন ভাইঙ্গা উজান বাইয়া আইছি গো নাইয়া
অাঁচলের বাতাস দিয়া পরান দিলা জুড়াইয়া গো
. . . . . . . . . . . . . . . .পরান দিলা জুড়াইয়া।'
আহা! সেই প্রাণপূর্ণ নিঃশ্বাস
বুকের গভীরে ঝড় তোলেনি কতকাল
হিয়ার নির্যাস মুছে দিতে
পাইনি কর-পরশ,
কত বসন্ত দিন বয়ে গেছে আমার
তোমাকে ছাড়া একাকী, চুপচাপ
নিরব অভিমানের হিমেলতায়।
আজ আবার বসন্ত ভোর, বিকেল
বসন্ত রাত. . .
তুমি নেই, আমি একা
চারিধার জুড়ে মরিচীকার শূন্যতা।
মনে পড়ছে না আজ
তোমায় দেখিনি কতকাল
ক. . . ত. . .কা. . .ল,
ও আমার সোনালী, শ্যামলী
সবুজ অঞ্চলা জন্মভূমি।
12.03.2001
রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।
ছবি ঃ [link|www.webbangladesh.com|I
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৬ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



