
নিজের বাসায় যদি একই দিন কাউকে দাওয়াত না দেই, আমি অন্যদের বাসার দাওয়াত অবশ্যই গ্রহণ করি। আর দেখা গেল কেউ দাওয়াত দিল কিন্তু সেদিন আমাদের নিজেদের কোন পরিকল্পনা আগেই করা অথবা আমার বাসায় কারো দাওয়াত আগেই ঠিক করা, তখন প্রচন্ড মন খারাপ হয় দাওয়াতে যেতে না পারার কারনে।
এক বাসায় দাওয়াত দিল সারাদিনের জন্য। দুপুর থেকে খাওয়া দাওয়া, আড্ডা, গান বাজনা আর বিকেলে বারবিকিউ পার্টি।এদের পার্টিতে এত জোরে গান বাজানো হয় যে আমাদের সমস্যা হয় দীর্ঘ সময় বসে থাকতে। আবার সবাই গানের তালে তালে নাচতে থাকে। আমার যেহেতু নাচার অভ্যাস নাই তাই চুপচাপ বসে বসে দেখি। তাই চিন্তা করলাম বিকেলেই যাব। অল্প সময় থেকে বারবিকিউ পার্টিতেই যোগ দিব।

আমরা গেলাম ৫টার দিকে। শুভেচ্ছা বিনিময়ের পর আমাদের টেবিলে গিয়ে বসলাম। বসার সাথে সাথেই বিভিন্ন ব্র্যান্ডের এলকোহলের বোতল আমাদের সামনে দিয়ে গেল। সবাই যার যার টেবিলে বসে একটু পর পর এলকোহল পান করে আর সাথে বিভিন্ন শুকনা খাবার খায়। যেমন চিপস, বাদাম আরো অনেক কিছু। আমরা এলকোহল পান করিনা। বললাম জুস আর সফট ড্রিংক্স দিতে।

আমরা বসে বসে এইসব শুকনা খাবার চিবাই
আমার ছেলের আবার চিকেন বারবিকিউ খুব পছন্দ। সে আগেও এসেছে এই বাড়িতে তাই তার জানা আছে কোথায় বারবিকিউ করা হয়। সে আমাকে বলল ‘’মা চলেন দেখে আসি বারবিকিউ হয়েছে কিনা’’।আমি আর ছেলে গিয়ে দেখি বিরাট আয়োজনে চিকেন আর মাছের বারবিকিউ হচ্ছে। কেউ উল্টে দিচ্ছে চিকেন আর ফিস, কেউ তেল মাখাচ্ছে, কেউ সালাদ কাটছে। আমাদের পেছনে পেছনে যে বাসায় দাওয়াত সেই বাসার মালিক মিস্টার গডউইন ও গেল। যে টেবিলে সালাদ কাটা হচ্ছে সেই টেবিলে দেখলাম রেড ওয়াইনের বোতল। গডউইন গিয়েই বোতল খুলে চিকেন বারবিকিউ উপরে রেড ওয়াইন ঢেলে দিচ্ছে আর আগুনে পড়ে দাউদাউ করে আগুন আরো উপরে উঠছে।

দেখে মনে মনে বললাম এই সেরেছে, হয়েছে আর আমাদের বারবিকিউ খাওয়া। আমি আরো কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম দেখার জন্য মাছের মধ্যেও রেড ওয়াইন ঢালে কিনা।কিন্তু মাছে দেইনি। ছেলে বলে ‘’মা আমরা তো চিকেন বারবিকিউ খেতে পারব না, উপরে তো ওয়াইন ছিটিয়ে দিচ্ছে’’। আমি বললাম থাক বাবা তাদের অনুষ্ঠান, তারা তাদের মত করুক। আমি বাসায় গিয়ে তোমাকে চিকেন বারবিকিউ বানিয়ে দিব।

যে লোক বারবিকিউ করছিল সে আমাদের কথা শুনে বলল তোমাদের জন্য আলাদা করে ওয়াইন না দিয়ে করে দেই। কিন্তু আমার আর ইচ্ছেই হলনা। গডউইন তো আর জানেনা যে আমরা এলকোহল পান করিনা। আমরা মাছের বারবিকিউ খেয়েই চলে এসেছি। তারপর বাসায় এসে ছেলেকে চিকেন বারবিকিউ করে দিয়েছি।

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




