![]()
হাসান মাহবুবকে,
[ ভালোলাগার মতো একজন গল্পকার । শব্দকল্প, রূপকল্প, বচনকল্পের রংয়ে ডুবিয়ে গাঢ় রসে লেখা গল্পের এক তুখোড় শিল্পী । তার লেখা পড়ে বুঝে গেছি, একটি সাধারন কথা কে ও কতো ধ্রুপদী ভাবে উপস্থাপন করা যায় । শক্ত গেরো লাগানো বটে তবে তা পরতে পরতে খুলে চেখে দেখার মজাই আলাদা !
হাসান মাহবুব এমোনই থাক শেষ পারানীর আগ পর্য্যন্ত, যেমন আছে তেমন ।তাই তাকে……. ]
ফেরাতে নেই
মাটিতে প্রোথিত যে জীবন প্রতীক্ষায় রত
স্বর্গ কিম্বা নরকের, যে জীবন চিতার আগুনে
ছাইপাশ হয়ে আছে, তাকে ফেরাতে নেই
পিছু ডাকে । দেখতে নেই আপাদ মস্তক তুলে
স্মৃতির ঝাপি খুলে বারেবারে উঁকিঝুকি দিতে নেই
পদচিহ্ন আঁকতে নেই, তার ফেলে যাওয়া পথে ।
যে জীবনে “সর্বনাশ”, নীল নকশা আঁকে অবিরত
ক্ষুধার্ত মাছরাঙা নিঃশ্চুপ ওৎ পেতে থাকে
হাত পাতলেই ধরা পরে অবিকল ষড়যন্ত্র,
তাকে পরতে পরতে খুলতে নেই শাড়ীর মতো ।
ধরতে নেই তার নিয়তির কাছে পরাজয়,
দুর্লভ ত্রিবেণী সঙ্গমে গড়ে ওঠা তার ঘর
সপাট খুলতে নেই জানালা কবাট যতো,
বড় বেশী ঝড়ো বাতাসে উড়িয়ে দিতে নেই
তার সোনালী সন্ধ্যা কর্পূরের মতো ।
যেখানে যেমন আছে তাকে রাখো সেখানেই ….
কপোল-কল্পনা করতে নেই , ধরতে নেই
কী কী দোষ ছিলো তার, সঘন সম্ভার
সম্ভোগে নিরত জীবনকাল তার আঁকতে নেই।
শেষ পারানীর কড়ি যদি জমে থাকে কিছু
কেড়ে নিতে নেই তারে দস্যু দু’হাত ভরে ।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



