
ভেঙে ভেঙে যায় .....
যতোই ফুঁসে ওঠা ঢেউ ভাঙুক তীরে
তাকেও তো ফিরতেই হয় মাঝ দরিয়ায় !
পুনরায় .....
আবার নতুন করে ফুঁসে ওঠা , ভেঙে পড়া
মাথা কুটে মরা, কারো বুকে ।
যতোই শেকড় হোক নিম্নগামী ক্রমাগত
মাটির গহীনে, তাকে বিশ্বাস কী করা যায় !
পুনরায় .....
কোন অতলে সে ডুবে যাবে কার খোঁজে
কার কাছে থিতু হবে নিজ সুখে ।
যতোই পাখি হোক পালতোলা ঢেউ
জানবেনা কেউ, ভর করে রুপোলী ডানায়
পুনরায় ...
যাবে তো উড়ে বহুদূরে কিশোরী মেঘে
দোহায় ভেসে ভেসে, চোখের পলকে !
যতোই রংয়ে আঁকা মুখ, ভালোবাসুক
তা যে ছড়াবেনা ক্ষত মনের জানালায়
পুনরায় ...
কে জানে তারে , বাহুডোরে রবেনা বাঁধা
উধাও করে দেবে রাজ্যপাট, অলখে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


